২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির লেদার টেকনোলজি ইনস্টিটিউট ছাত্রলীগে মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার টেকনোলজি ইনস্টিটিউটে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের তিন কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 12:59 AM

Updated : 22 Aug 2022, 02:13 PM

এরা হলেন- লেদার টেকনোলজি ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খবির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সায়েম আল আমিন এবং লেদার ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান শাহরিয়ার।

তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউটের ড. কুদরত-ই-খুদা হোস্টেলে তাদের উপর হামলা হয়।

লেদার টেকনোলজি ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি শরিয়াতুল্লাহ রনির অনুসারীরা এই হামলা করেছে বলে অভিযোগ করেন তারা।

আহতরা জানান, তারা সবাই ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল সরকারের অনুসারী। ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে ওই ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগীয় পরীক্ষা নিয়ে ইমরান সঙ্গে তার বন্ধুদের একটু ঝামলা হয়েছিল। পরে ৩১তম ব্যাচের সবাই মিলে তাকে থামিয়ে দেয়।

“এছাড়া প্রথম বর্ষের একটি ঝামেলা নিয়েও তারা তাকে জিজ্ঞেস করে। এ নিয়ে সামান্য একটু হাতাহাতির ঘটনা ঘটে।”