২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরীসৃপ রক্ষায় জগন্নাথে 'কুসংস্কার মুক্তির' প্রদর্শনী

সাপ, গিরগিটির মত সরীসৃপ সম্পর্কে সমাজে অনেক ভ্রান্ত ধারণা থাকায় মানুষের আক্রমণে এসব প্রাণী বর্তমানে ধ্বংসের মুখে। তাই কুসংস্কার দূর করে এসব প্রাণীর উপকারী দিক তুলে ধরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:08 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নীচতলায় সরীসৃপ ও উভচর প্রাণীদের নিয়ে ‘হেরপিটোফউনা অব বাংলাদেশ’ নামে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।

বাংলাদেশ বন বিভাগ ও স্ন্যাকস অব বাংলাদেশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'নেচার আই' এর ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা ৫৩টি আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী বুধবার বিকাল ৪টা পর্যন্ত চলবে।

প্রদর্শনী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় উপাচার্য মীজানুর রহমান জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে মানুষের অর্থনৈতিক স্বার্থকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, "ছাত্রলীগ করে ক্যাম্পাসে জয় বাংলা স্লোগান দিলে সেকশন অফিসার গ্রেড-২ হওয়া যায়। কিন্তু বুড়িগঙ্গা রক্ষার আন্দোলন করলে কী লাভ হবে? সেজন্য জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে অর্থনৈতিক স্বার্থকে জড়িয়ে দিতে হবে।"

“পরিবেশ রক্ষা করে মানুষ কী ভাবে লাভবান হবে, তা বুঝাতে জাগতিকভাবে তাদের বলতে হবে। সেভাবেই গবেষণা করতে হবে।

"সাপ ইদুর খায়-এসব অদৃশ্য বিষয় বলে লাভ হচ্ছে না। সাপ লালন-পালন করলে কী ভাবে লাভবান হওয়া যাবে সেটা বলতে হবে; তাহলে মানুষ ঘরে এনে সাপ লালন-পালন করবে।," বলেন অধ্যাপক মীজানুর।

বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা অসিত রঞ্জন পাল বলেন, "বাংলাদেশে যে পরিমাণ জীববৈচিত্র্য রয়েছে তা আমাদের জন্য সৌভাগ্যের।

"কুসংস্কারের কারণে আমরা সাপ, ব্যাঙ মারাকে ক্রেডিট বানিয়ে ফেলেছি; কিন্তু ক্রেডিট হওয়া উচিত এসব রক্ষা করা। কারণ এসব ছাড়া আমরা বাঁচব না, ফুড চেইন ভেঙে পড়বে।"

আলোচনা সভায় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন।

আয়োজক সংগঠন নেচার আই’র এডমিন জায়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের কারণে আমরা সরীসৃপ ও উভচর প্রাণিদের ধ্বংস করছি। কিন্তু এর উপকারী দিকগুলো আমাদের অজানা।"

এসব থেকে মুক্তি পাওয়ার জন্য জনসচেতনতা তৈরিতে এই প্রদর্শনীর আয়োজন জানিয়ে তিনি বলেন, ‘সাপ মানেই আমাদের মধ্যে অজানা ভীতি, অথচ অধিকাংশ সাপই নির্বিষ।

"কুসংস্কার তো রয়েছেই, কবিরাজ-ওঝারা ভ্রান্ত ধারণা ছড়ান। আমরা মনে করি গিরগিটি মানেই রক্তচোষা। ফলে এসব আমরা মারতেই থাকি।

তাই এসব প্রাণীর উপকারী দিক ও প্রয়োজনীয়তা তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন জায়েদুল।