২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সহায়তায় জগন্নাথের শিক্ষকরা

মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সহায়তার জন্য এগিয়ে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 01:19 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

ক্ষমতাসীন দল সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি আলোচনা সভা হয়।

আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক অনন্য ইতিহাস। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে এ জাদুঘরে সকল বাঙালির অংশীদারিত্ব থাকে।”

‘মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কার্যক্রম’ শিরোনামের এই আলোচনা সভায় জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের কাছে সহায়তার একটি চেক হস্তান্তর করেন নীল দলের নেতারা।

নীল দলের সভাপতি অধ্যাপক এ কে এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য এক সপ্তাহ আগে তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি চলচ্চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শন করা হবে।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বক্তব্য দেন।