রাবিতে শিক্ষার্থীকে ‘পেটাল’ ছাত্রলীগ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।
সোহাগ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ওমর ফারুক বায়েজীদ এবং আমি টুকিটাকি চত্বরে পাশাপাশি বসেছিলাম।
“আমি টুকিটাকি চত্বরের দোকানের খাবার পরিবেশনকারী এক ছেলেকে ‘পিচ্চি’ বলে সম্বোধন করে চা দিতে বলি। তাকে ‘পিচ্চি’ বলায় আপত্তি জানায় এবং একপর্যায়ে আমাকে বেধড়ক মারধর শুরু করে বায়েজীদ।”
পরে রাবি ছাত্রলীগ কর্মী জিম ও শোভন এবং বহিষ্কৃত ছাত্রলীগকর্মী আবু খায়ের মোস্তফা রিনেটসহ কয়েকজন তাকে আবার মারধর করে বলে অভিযোগ করেন সোহাগ।
তবে মারধরের কথা অস্বীকার করে বায়েজীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম কিছু ঘটেনি।”
আর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “দুজনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল বলেন, “এক শিক্ষার্থীকে মারধরের খবর শুনেছি। ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার এ ব্যাপারে বিস্তারিত জানতে পারিনি।”
পরীক্ষার পরে এ ব্যাপারে খোঁজ নিবেন বলে জানান তিনি।
