২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলফোনে উত্তরপত্র: জগন্নাথে তিন জনের সাজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার উত্তরপত্র মোবাইলফোনে পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও এক ভর্তিচ্ছুকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 07:38 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

সাজাপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দেওয়া রাকিবুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ও ভর্তি পরীক্ষার্থী মোকাম উদ্দীন।

বেলা সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে রাকিব ও রাশেদকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় তাদের মোবাইল ফোনে উত্তরপত্র পাওয়া যায়।

এদিকে পরীক্ষা চলাকালে বাংলাবাজার বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোবাইলফোন বের করে উত্তরপত্র দেখার সময় দায়িত্বরত শিক্ষকদের হাতে আটক হন মোকাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চত করেন।

প্রক্টর বলেন, “রাকিবুলকে দুই বছর, রাশেদুলকে এক বছর ও ভর্তি পরীক্ষার্থী মোকামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

গত শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও মোবাইলফোনে উত্তরপত্র পাওয়ায় দুই ভর্তি পরীক্ষার্থী ও এক সহযোগীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।

বিকাল ৩টায় ২৪টি কেন্দ্রে শুরু হওয়া ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে বিকাল ৪টায়। এবার ৫৬০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৩০ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।