জাবির কামালউদ্দিন হলের পুনর্মিলনী ১৩ নভেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর।
পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম বলেন, “প্রাক্তন ছাত্রদের ক্যাম্পাস এবং হলের পুরনো স্মৃতিচারণের সুযোগ করে দিতেই এ আয়োজন।”
দিনব্যাপী এ পুনর্মিলনীতে হলের ৩০টি ব্যাচের প্রায় দুই হাজারের বেশি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন হলের ২৯তম ব্যাচের এই প্রাক্তন ছাত্র।
অনুষ্ঠানের কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ ওলি বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪তম ব্যাচ থেকে ৩৫তম ব্যাচ পর্যন্ত জনপ্রতি ১০০০ টাকা এবং অতিথিদের জন্য ৫০০ টাকা করে, ৩৬তম ব্যাচ থেকে ৩৮তম ব্যাচ পর্যন্ত জনপ্রতি ৫০০ টাকা এবং অতিথিদের জন্য ৩০০ টাকা এবং হলে বর্তমানে অবস্থানকারী ৩৯তম ব্যাচ থেকে ৪৪তম ব্যাচ পর্যন্ত জনপ্রতি ৩০০টাকা এবং অতিথিদের জন্য ২০০ টাকা করে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।
প্রাক্তন ছাত্ররা নিজ নিজ ব্যাচের প্রতিনিধি অথবা বিকাশের মাধ্যমে পুনর্মিলনীর নিবন্ধন করতে পারবেন জানিয়ে ওয়ালিউল্লাহ বলেন, “নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।”
অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য ০১৭১৯০৪৩৬৮৩ এবং ০১৭২৩৪৫৫৪১৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে (facebook.com/groups/427986520707281) পুনর্মিলনী সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত উপাচার্য অধ্যাপক আ ফ ম কামালউদ্দিনের নামে নির্মিত হয় এই আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ (১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষ) থেকে এ হলের কার্যক্রম শুরু।
