ঢাবি চারুকলায় ভর্তির যোগ্য ১৪৯ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ১৪৯ জন।
যোগ্য বিবেচিত এই শিক্ষার্থীরা চারুকলা অনুষদের অধীন বিভিন্ন বিভাগের ১৩৫টি আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয় দুই ভাগে। ৭ হাজার ৩০৭ জন আবেদনকারীর মধ্যে ৫ হাজার ৬৩৬ জন গত ১০ অক্টোবর লিখিত অংশের (সাধারণ জ্ঞান) পরীক্ষা দেন। তাদের মধ্যে ৪৯৬ জন উত্তীর্ণ হন।
এরপর তাদের মধ্যে ৪৬০ জন গত ১৭ অক্টোবর অংকন পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত বিচারে তাদের মধ্যে ১৪৯ জনকেই ভর্তির যোগ্য ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>cha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
যোগ্যরা ২৮ থেকে ৩ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।
আর কোটায় আবেদনকারীদের ২৮ থেকে ৩ নভেম্বরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
