জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকড
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে-পরে দুবার হ্যাকারদের কবলে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
সোমবার বিকালে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd হ্যাকড হয়।
কিছুক্ষণের মধ্যে সচল করে ফলাফল প্রকাশ করা হলেও পরে আবার হ্যাকড হয় ওয়েবসাইট।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ওহিদুজ্জামান তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ওয়েবসাইটটি একবার হ্যাক হওয়ার পর তা সচল করা হয়েছে।
“আরেকবার হ্যাক হওয়ার বিষয়টি এখন শুনলাম। এটি সচল করতে আইটি (তথ্য প্রযুক্তি বিভাগ) পরিচালককে বলে দিচ্ছি।”
রাতেই ওয়েবসাইটটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। হ্যাক হওয়ার কারণে ফলপ্রত্যাশীরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না।
সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, আর১পিএইচ৪৭1Ph47 নামের একটি হ্যাকার দল ওয়েবসাইটটি হ্যাকের দাবি করেছে, যারা নিজেদের আন্তর্জাতিক আন্ডারগ্রাউন্ড হ্যাকার দল হিসেবে নিজেদের পরিচয় দেয়।
হ্যাক করার কারণ হিসেবে ওয়েবসাইটটির নিরাপত্তা ব্যবস্থা খুবই নিম্নমানের বলে উল্লেখ করা হয়।
সাইটটির নিরাপত্তা ব্যবস্থা উন্নত না করলে আবারও হ্যাকার দলটি এতে প্রবেশ করবে বলে হুমকি দেওয়া হয়।
