২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে প্রতি আসনে লড়বে ১১৩ ভর্তিচ্ছু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে প্রতি আসনে বিপরীতে ১১৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 10:18 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দুই হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য মোট দুই লাখ ২৬ হাজার পাঁচশ ৭২ জন শিক্ষার্থীর আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব উপ নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবেদন করেছে।

বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের মধ্যে জীববিজ্ঞান অনুষদে ৩৬৫টি, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে ৪৫০টি, সমাজবিজ্ঞান অনুষদের ৩৫৫টি, বিজনেস স্টাডিজ অনুষদে ২০০টি, আইন অনুষদে ৫৫টি, আইবিএ-জেইউ ইনস্টিটিউটে ৫০টি, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ৫০টি আসন রয়েছে।

এছাড়া কলা ও মানবিকী অনুষদের নয়টি বিভাগে মোট ৪৭৫টি আসন রয়েছে। এই অনুষদে এবার বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা হবে।

মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমরা পরীক্ষার হলে ক্যালক্যুলেটর, মোবাইল ফোনসহ যে কোনও ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছি। কেউ অসদুপায় অবলম্বন ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করলে তার বিরুদ্ধে পরীক্ষা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

আগামী ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ছয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও অন্যান্য তথ্য  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে থেকে জানা যাবে।