২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি সিনেটের নিয়ন্ত্রণ সরকারসমর্থকদের হাতেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অধিকাংশ পদে সরকারসমর্থকরা জয় পেলেও আগের তুলনায় তাদের শক্তি কমেছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 12:02 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

শিক্ষক প্রতিনিধিদের ৩৩টি পদের মধ্যে ২৫টিতে সরকার সমর্থকদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বাকি আটটি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি ও আওয়ামীলীগ সমর্থক শিক্ষকদের দুটি অংশ ও প্রগতিশীল শিক্ষকদের নিয়ে গঠিত ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেলের প্রার্থীরা।

২০১০ সালের ৩০ মে অনুষ্ঠিত এর আগের নির্বাচনে ৩২টি পদে জয় পেয়েছিলেন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর প্রার্থীরা।

বিএনপি সমর্থক শিক্ষকরা ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী’ প্যানেল থেকে ওই নির্বাচনে অংশ নিয়ে একটি পদ পেয়েছিলেন।

তাদের মেয়াদ শেষ হওয়ার দুই বছর পর রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এবারের নির্বাচনের ভোটাভুটি হয়।

গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক রাত ১১টায় ফল ঘোষণা করেন।

আটজন শিক্ষক এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি।

শিক্ষকদের দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৭৪ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৯৬ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৭৬ জন।

‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে বিজয়ীরা হলেন- পরিসংখ্যানের অজিত কুমার মজুমদার, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. শাহেদুর রশিদ, পরিবেশ বিজ্ঞানের মো. খবির উদ্দিন, সৈয়দ হাফিজুর রহমান, রসায়নের কৌশিক সাহা, তপন কুমার সাহা, পদার্থ বিজ্ঞানের ফরিদ আহমদ, দর্শনের ফরিদ আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মুহাম্মদ হানিফ আলী, অর্থনীতির আমজাদ হোসেন, মাইক্রোবায়োলজির মো. আনোয়ার খসরু পারভেজ, বাংলার মো. খালেদ হোসাইন, গণিতের মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সত্রাজিৎ কুমার সাহা।

এছাড়া নাটক ও নাট্যতত্ত্বের মো. লুৎফর রহমান, নৃবিজ্ঞানের রাশেদা আখতার, উদ্ভিদ বিজ্ঞানের  রাশেদা ইয়াসমিন শিল্পী, ফার্মেসির সুকল্যাণ কুমার কুণ্ড, প্রত্নতত্ত্বের সুফি মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যার কবিরুল বাশার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. খালিদ কুদ্দুস, সরকার ও রাজনীতির বশির আহমেদ, ইতিহাসের হোসনে আরা বেবী, আইবিএর মো. মোতাহার হোসেন এবং মোহাম্মদ বখতিয়ার রানা এই প্যানেল থেকে জয় পেয়েছেন।

‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে নির্বাচিত বিএনপিপন্থি শিক্ষকরা হলেন- রসায়নের মাহবুব কবির, উদ্ভিদ বিজ্ঞানের ফিরোজা হোসেন, গণিতের মো. শরিফ উদ্দিন ও ফার্মেসির মো. সোহেল রানা।

এছাড়া আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক এম এ মতিন গ্রুপের প্রার্থী পদার্থ বিজ্ঞানের এ এ মামুন এবং প্রগতিশীল শিক্ষকদের প্রার্থী ইতিহাসের এ টি এম আতিকুর রহমান, সরকার ও রাজনীতির নঈম সুলতান,   এবং প্রত্নতত্ত্বের মালিহা নার্গিস আহমেদ এই প্যানেল থেকে জয় পেয়েছেন।

বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ২৮১ ভোট পেয়েছেন অধ্যাপক এ এ মামুন। আর সর্বিনিম্ন ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাহবুব কবির।

নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে তা অব্যাহত রাখা হবে। আগামী বছরের শুরুতে সিনেটে পর্যায়ক্রমে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা হবে।”