মন্ত্রীর কাছে মেডিকেলে আসন বৃদ্ধির দাবি অভিভাবকদের
চিকিৎসক হওয়ার আশায় সারা দেশের ৮৭ হাজার শিক্ষার্থী এবার মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন; সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ানের জন্য মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন অভিভাবকরা।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির এই সমন্বিত পরীক্ষা চলে। এমবিবিএস ও বিডিএস কোর্সে ১১ হাজার ৯৯টি আসনের বিপরীতে ৮৭ হাজার ৭৮৪ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা চলার মধ্যেই সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরীক্ষার্থীদের ‘অসুবিধা’ হতে পারে বলে কেন্দ্রের ভেতরে না গিয়ে বাইরে থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাসিম পরে কলাভবনের প্রধান ফটকে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় অভিভাবকরা নিজেদের বিভিন্ন দাবির কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন।
অভিভাবকদের একজন বলেন, “সরকারি মেডিকেলে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে আমরা ছেলেমেয়েদের প্রাইভেটে পাঠাতে বাধ্য হচ্ছি। আপনি সরকারি মেডিকেলের আসন সংখ্যা যদি বাড়াতেন তাহলে আমাদের প্রাইভেটে যাওয়া লাগত না। টাকা-পয়সার খরচও কমত।”
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি স্বাস্থ্যমন্ত্রী।
দেশে সরকারি মেডিকেল কলেজ ৩০টি, ডেন্টাল কলেজের সংখ্যা নয়টি। এর বিপরীতে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৬৫টি ও ডেন্টাল কলেজের সংখ্যা ৩৩টি।
বেসরকারি মেডিকেল ও ডেন্টালে সাত হাজার ৩৫৫টি আসনের বিপরীতে সরকারি মেডিকেলের আসন সংখ্যা তিন হাজার ৭৪৪টি।
একজন অভিভাবক মন্ত্রীর কাছে প্রশ্নফাঁস ঠেকানো ও মেধাবীদের জন্য সুযোগ অবারিত রাখার দাবি জানালে তিনি বলেন, “আমরা ভর্তি প্রক্রিয়াকে মেধাবীদের উপযোগী করে গড়ে তুলছি। আপনারা জানেন, আমরা কোচিং বন্ধ করে দিয়েছি। তবুও কিছু অসদুপায় অবলম্বনের চেষ্টা করা হয়েছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসদুপায় অবলম্বনকারীদের ‘ধরছে’ মন্তব্য করে এজন্য তাদের ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
নাসিম বলেন, “যারা মেধাবী তারা যাতে চিকিৎসক হতে পারে, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”
