অস্থিরতার মূলে ফরাসউদ্দিন, অভিযোগ চবি শিক্ষক সমিতির
পে-কমিশনের চেয়ারম্যান ও সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনকে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির মূল নায়ক বলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।
রোববার সমিতির সাধারণ সম্পাদক কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, “প্রায় চার মাসের শান্তিপূর্ণ আন্দোলন এবং ‘ন্যায্য দাবির’ প্রতি কোনো গুরুত্ব না দিয়ে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে।”
ঘোষিত স্কেলে শিক্ষকদের বেতন ধাপ অবনমন করা হয়েছে অভিযোগ তুলে পে-কমিশনের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিনকে শিক্ষক সমাজের ‘শত্রু’ বলে মন্তব্য করা হয় এতে।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা এবং অষ্টম বেতন কাঠামোয় শিক্ষকদের ‘অবমূল্যায়ন’ দূর করার দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন।
শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করেন।
সমাবেশ থেকে বেতন কাঠামো পুনর্নির্ধারণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়।
গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে অষ্টম বেতন কাঠামো অনুমোদন করা হয়।
সব গ্রেডের বেতন প্রায় দ্বিগুণ বাড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন করা হলেও দাবি পূরণ হয়নি বলে মনে করছেন শিক্ষকরা।
