জাবিতে ছাত্রকে হলছাড়া করার ‘হুমকি’ ছাত্রলীগ নেতার
নির্যাতনের ঘটনা প্রশাসনকে জানানোয় ছাত্রলীগের এক নেতার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
সানোয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক।তিনি থাকেন মীর মশাররফ হোসেন হলে। গণিত বিভাগের ছাত্র সেলিমও ওই হলে থাকেন।
গত ৩১ অগাস্ট ছাত্রলীগের কর্মীদের হাতে মারধরের শিকার সেলিম অভিযোগ করেন, ওই ঘটনায় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়ায় সোমবার বিকালে তাকে হলছাড়া করার হুমকি দেন সানোয়ার।
সেলিম গত ৩ সেপ্টেম্বর প্রক্টরের কাছে লিখিত অভিযোগে বলেছেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হক রাফি, ফার্মেসি বিভাগের মাহমুদুল হাসান, ইতিহাস বিভাগের বাঁধন বসাকের নেতৃত্বে তার উপর হামলা হয়।
এরপর সোমবার বিকালে সানোয়ার তার কক্ষে গিয়ে হুমকি দিয়ে আসেন বলে তার অভিযোগ।
সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারধরের শিকার হওয়ার পর আমি এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না। পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত। তার উপর আজ সানোয়ার ভাই আমাকে হল ছাড়তে নির্দেশ দিলেন।”
হল ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে সানোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুনিয়রদের মারধর করে আমি বিষয়টি মীমাংসা করে দিয়েছিলাম।
“কিন্তু সে তারপরও প্রক্টর বরাবর অভিযোগ করেছে। তাই আমি শুধু তাকে বলতে গিয়েছিলাম, ছোটভাই আমার সম্মান রাখলি না।”
সেলিমের অভিযোগের বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, “বিষয়টি আমি শুনেছি। আমি বাইরে আছি, ক্যাম্পাসে ফিরে তার সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”
