মধ্যরাতে শুরু হচ্ছে চবির ভর্তিপ্রক্রিয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে রোববার মধ্যরাত থেকে।
রাত ১২টা এক মিনিট থেকে টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তিইচ্ছুরা আবেদন করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
রোববার চারুকলা ইন্সটিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এসময় উপাচার্য জানান, এ শিক্ষাবর্ষে মোট চার হাজার ৬৫৩ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
২০১৫ ও ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এবছরও ভর্তি আবেদন ফরমের দাম ৪৭৫ টাকা রাখা হয়েছে।
আগামী ১ নভেম্বর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স’ ও ‘সঙ্গীত’ নামে দুটি নতুন বিভাগও চালু হচ্ছে।
শিক্ষার্থীরা cu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির বিস্তারিত তথ্য জানতে পারবেন।
