Published : 05 Sep 2025, 04:58 PM
দীর্ঘ ছয় বছর বাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের নির্বাচন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হবে।
এ ভোট দিতে হবে ওএমআর শিটে; ডাকসুতে থাকছে ছয় পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠা।
৩৯ হাজার ৮৭৪ ভোটারের সরাসরি ভোটে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদ নির্বাচিত হবে। এরইমধ্যে ভোট দেওয়ার কায়দা-কানুন ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিফ রিটার্নিং অফিসারের অফিস।
>> আপনার সুবিধা সময়ে আপনার জন্য নির্ধারিত ভোট কেন্দ্রে আসুন।
>> প্রথমেই পোলিং অফিসারকে আপনার পরিচয় নিশ্চিত করুন। প্রথম বর্ষের শিক্ষার্থী হলে লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থী হলে হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড দেখিয়েও পরিচয় নিশ্চিত করা যাবে।
>> পরিচয় নিশ্চিতের পর আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোটগ্রহণ কর্মকর্তা।
>> এরপর ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করতে হবে। এরপর পোলিং অফিসারকে ভোটার নম্বর জানাতে হবে।
>> ব্যালট নিয়ে প্রবেশ করুন গোপন ভোট কক্ষে। ভোট কক্ষে মোবাইল ফোন অথবা কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

>> ব্যালট পেপার থেকে আপনার পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করুন।
>> এরপর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিন। খেয়াল রাখবেন ক্রস চিহ্নটি যেন ঘরের বাইরে না যায়।
>> পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ব্যালট বক্সে ব্যালট পেপার জমা দিন।
>> কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুইটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার কোন ধরনের ভাঁজ না করে সেগুলো নির্ধারিত বক্সে ফেলে দিয়ে আপনার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করুন।