১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যৌন নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘লাঠি মিছিল’

ধর্ষণের ঘটনা বিচারে প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল করার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা।

যৌন নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘লাঠি মিছিল’
সারা দেশে যৌন নিপীড়ন বেড়ে যাওয়ার প্রতিবাদে রোববার লাঠি মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

মাগুরার শিশু ধর্ষণের ঘটনাসহ দেশের ‘অব্যাহত’ যৌন নিপীড়নের প্রতিবাদে ‘লাঠি মিছিল’ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার বিকাল ৩টায় রাজু ভাস্কর্য থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর, নীলক্ষেত, কাটাবন, শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে নয় দফা দাবিতে এই মিছিল হয়। সেখানে নারী নিপীড়নের বিরুদ্ধে নানা শ্লোগান দেন শিক্ষার্থীরা; তাদের হাতে ছিল বাঁশের লাঠি।

শিক্ষার্থীরা ৯ দফা দাবিও জানিয়েছেন। এর মধ্যে রয়েছে- দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ; ‘অব্যাহত’ ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অবিলম্বে পাহাড়-সমতলসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার নিশ্চিত করা।

সারা দেশে যৌন নিপীড়ন বেড়ে যাওয়ার প্রতিবাদে রোববার লাঠি মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সারা দেশে যৌন নিপীড়ন বেড়ে যাওয়ার প্রতিবাদে রোববার লাঠি মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ধর্ষণের ঘটনা বিচারে প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন; অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে সংযোজন, বিয়োজন ও সংশোধন; যৌন হয়রানি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। 

আন্দোলনকারীরা বলছেন, ধর্ষণের মামলা নেওয়ার ব্যাপারে থানায় যে জটিলতা, তা দূর করতে হবে।  ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষায় সাক্ষী সুরক্ষা আইন পর্যালোচনার কথাও বলছেন তারা। শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেলের দাবিও আছে।