Published : 12 Jul 2026, 04:26 PM
রাজধানীতে টানা ভারি বর্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বড় কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়েছে শিক্ষার্থী পরিবহনের একটি বাসের ওপর।
এ সময় গাছের চাপায় বাসটির একপাশ দুমড়ে মুচড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় এবং আশপাশে থাকা শিক্ষার্থীরা দ্রুত সরে যাওয়ায় কেউ আহত হননি।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। চারপাশে কংক্রিটের ঢালাই থাকার কারণে গাছের শিকড় বেড়ে ওঠার পর্যাপ্ত জায়গা না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা মনে করছেন।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মানসুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাছটি যতটুকু বেড়েছে তার শেকড় সে অনুযায়ী গভীরে পৌঁছায়নি। কংক্রিটের ঢালাইয়ের ওপর এত বড় গাছ টিকে ছিল এটাই তো অনেক।
“ক্যাম্পাসের অধিকাংশ গাছের অবস্থাই এরকম। আজকে তো বাস ছিল, তাই প্রাণে রক্ষা পাওয়া গেল। এটা একটা বিপদসংকেত ছিল, আমাদের সতর্ক হতে হবে। বৃক্ষ রোপণ করলেই হবে না, পরিচর্যাও করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, বাসের যে ক্ষতি হয়েছে, তা সারাতে ৩ থেকে ৪ লাখ টাকা লাগবে।

“ক্যাম্পাসে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিরুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাছটি ভেঙে পড়ার সময় বাসের ভেতরে বা আশপাশে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আমরা সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।
“গাছের চাপে বাসের একপাশ দেবে গিয়ে সব জানালা ভেঙে গেছে। আমরা সতর্ক রয়েছি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"