Published : 26 Aug 2025, 06:42 PM
তিন দাবিতে শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করছে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা।
মঙ্গলবার বেলা ৩টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীসহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে।
পরে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধ করে মিছিল ও বিভিন্ন দাবিতে স্লোগান দিতে শুরু করে। এসময় আশপাশের সড়কগুলোতে যানজট তৈরি হয়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলছেন, আশপাশের সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। পুলিশ সেখানে কাজ করছে।
এর আগে রোববার মধ্যরাতে বুয়েটের একদল শিক্ষার্থী তাদের সাবেক এক শিক্ষার্থীকে ‘মারধর ও হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আটকে দেয় পুলিশ। সেখানে তারা তিন ঘণ্টা বিক্ষোভ করে ফিরে যান।
সোমবার বেলা ৩টায় বুয়েটের আন্দোলনকারীদের সঙ্গে অন্যরা যোগ দিয়ে তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নেন।
বিকেল পৌনে ৬টার দিকে শাহবাগে আন্দোলনরতরা সংবাদ সম্মেলনে তাদের দাবি পূরণে কর্তৃপক্ষকে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেন।

এতে বক্তব্য রাখেন প্রকৌশল অধিকার আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আহমেদ ইকবাল। তিনি বলেন, পাঁচ মাস ধরে তিন দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন। এর মধ্যে সোমবার রংপুরে নেসকোতে কর্মরত বুয়েটের সাবেক শিক্ষার্থী এক প্রকৌশলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখন তাদের দাবি হচ্ছে রংপুরে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণ এবং তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি।
তাদের তিন দাবির মধ্যে রয়েছে
>> নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।
>> দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারে। সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা।
>> শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবে তারাই যেন প্রকৌশল (ইঞ্জিনিয়ার) লিখতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।
সংবাদ সম্মেলনে বুয়েটের ছাত্র শাকিল আহমেদ ইকবাল বলেন, “গত ৫ মাসে ১০০ প্রতিষ্ঠানে চিঠি দিয়েছি। আজ শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছি। কিন্তু কোনো আপডেট নেই প্রতিষ্ঠানগুলো থেকে। আমরা শান্তিপূর্ণভাবে কাজ করেছি। আমরা রাতে প্রোগ্রাম দিযেছি যাতে জনদুর্ভোগ না হয়। কিন্তু আজকে আমাদের ব্লকেডে আসতে বাধ্য করা হয়েছে।
“আমরা তিন দফা দাবি দিয়েছিলাম। কিন্তু দাবি পূরণে তারা কাজ করেনি। তাই আমরা এখানে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্সে’ সমবেত হয়েছি। শিক্ষা উপদেষ্টা বলেছেন তিনি কমিটি করতে চান, কিন্তু তিনি অথরিটি না।”
ইকবাল বলেন, “আমরা দাবি জানিয়ে এসেছি কিন্তু গতকাল রংপুর নেসকোতে আমাদের ভাই রোকনকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার অপরাধ হচ্ছে আমরা যে চিঠি জমা দিতে চাই সেটা তিনি জমা নিয়েছেন ও প্রধান প্রকৌশলীকে দিয়েছেন। এটা তার অপরাধ। কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি হুমকিদাতারা।
“এখানে ২০-২৫ জন গিয়ে মব তৈরি করে প্রকৌশলীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোকন ভাকে যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তার ও বহিষ্কার করতে হবে। আমাদের তিনদফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে।”
“অন্যথায় আমাদের কর্মসূচি চলমান থাকবে। আজকে রাত ৮টা পর্যন্ত সময় দিচ্ছি। উপদেষ্টা পরিষদকে এখানে এসে আমাদের সাথে বসে আমাদের সমস্যা সমাধান করতে হবে। নাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো “
এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেওয়াসহ ৩ দফা দাবিতে ২৪-২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
সহপাঠীকে 'মারধর': যমুনায় যাওয়ার চেষ্টা বিক্ষুব্ধ বুয়েট শিক্ষার্থীদের