Published : 16 Mar 2026, 07:58 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান উপাচার্যের দায়িত্বে অধ্যাপক ইয়াহইয়া আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণমাধ্যম সূত্রে আমি জানতে পেরেছি যে আমাকে ভিসি হিসেবে মনোনীত করা হয়েছে। এটা আমার ওপর নতুন এক দায়িত্ব। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রজ্ঞাপন পাইনি।”
অধ্যাপক আল-ফোরকানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট এলাকায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে ১৯৯৩ সালের জানুয়ারিতে তিনি শিক্ষক হিসেবে নিজের শিক্ষায়তনে যোগ দেন।
যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিকা ধানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি পান অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। পরে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা এবং অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে তেলবীজের গুণগত মান উন্নয়ন নিয়ে পোস্টডক্টরাল গবেষণা করেন।