শিক্ষার্থী পরিচয়ে চবিতে ঘুরে বেড়াতেন তিনি
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুই ভুয়া শিক্ষার্থী ধরা পড়ল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক তরুণকে আটক করা হয়েছে, যিনি সেখানকার শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন।
মঙ্গলবার দুপুরে তাকে ধরে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান একদল শিক্ষার্থী। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুই শিক্ষার্থীকে আটক করা হলো।
এদিন আটক তরুণের নাম সীমান্ত ভৌমিক; তার বাড়ি খুলনায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক সীমান্ত দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন এবং নিজেকে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ছাত্র পরিচয় দিতেন।
“সাধারণ শিক্ষার্থীরা তাকে ধৃত করে আজকে আমাদের কার্যালয়ে নিয়ে আসে। তার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ পাওয়া গেছে। তাকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুই ভুয়া শিক্ষার্থী ধরা হয়েছে বলে জানান প্রক্টর শহীদ সরওয়ার্দী।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল বডির সদস্যরা জানান, সীমান্ত ২০২৪ সাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছেন। দক্ষিণ ক্যাম্পাসের ভাড়া বাসায় থাকতেন। ক্যাম্পাসে এসে তিনি তার এক পরিচিতর মাধ্যমে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।
তিনি ক্যাম্পাসের দোকান ও বিভিন্ন শিক্ষার্থীদের কাছে সাড়ে ১৮ হাজার টাকার বেশি ধারদেনা করেছেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
ইখলাস বিন সুলতান নামে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, বিভিন্নজনের অভিযোগ ও সন্দেহের বশে তার বিষয়ে মেরিন সায়েন্স ইনস্টিটিউটে খোঁজ নিয়ে তার জানতে পারেন এ নামে কোনো শিক্ষার্থী নেই। কৌশলে তাকে অতীশ দীপঙ্কর হলের পেছনে ঘুরতে নিয়ে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছাত্রত্ব নেই বলে তিনি স্বীকার করেন।
দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, সীমান্ত নিজেকে মেরিন সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিলেও বিভাগে তাকে কেউ চেনেন না।
এর আগে গত ২৭ নভেম্বর মিনহাজ ইসলাম রিফাত নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি নিজেকে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী পরিচয় দিতেন।
