১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৫৫৮ জন

লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ হাজার ৭৮৯ জন।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৫৫৮ জন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 10:54 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

দেড় বছর আগে অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের তথ্য দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান ফল প্রকাশের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। 

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ৬৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। 

পিএসসি বলেছে, ”প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।” 

ফল দেখুন এখানে 

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছর ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি।