ঢাবি শিক্ষার্থীকে ‘হয়রানি’: জিয়া হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি
অপরাজেয় বাংলার পাদদেশে ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’ বানারে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
রাষ্ট্রবিরোধী মন্তব্য ও জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক ছাত্রকে পুলিশে দিয়ে ‘হয়রানির’ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেনের পদত্যাগ দাবি করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলো।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’ বানারে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থী নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিচার ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা।
সহপাঠীদের মেসেঞ্জার গ্রুপে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেফতাহুল মারুফের এক বক্তব্যকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করেন প্রাধ্যক্ষ অধ্যাপক বিল্লাল।
ভুক্তভোগীর দাবি, হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্তর কথায় তাকে থানায় দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ মামলার করার মত ‘পর্যাপ্ত উপাদান’ না পাওয়ায়’ শুক্রবার বেলা ১২টার দিকে ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মারুফকে থানা থেকে ছেড়ে দেওয়ার পর তাকে ‘হয়রানির’ প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিলে কবি জসীমউদদীন হল শাখা ছাত্রলীগের একদল কর্মীর হামলায় ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করেন পরিষদের নেতারা।
এসব ঘটনার প্রতিবাদে রোববারের সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমুল কুম্ভকার হল প্রাধ্যক্ষকে ‘দলকানা’ আখ্যায়িত করে বলেন, হল প্রাধ্যক্ষ যেখানে অভিভাবক হওয়ার কথা, সেখানে জিয়া হলের প্রাধ্যক্ষ তার ছাত্রকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জঙ্গিবাদে সংশ্লিষ্টতার কথা বলে পুলিশে সোপর্দ করলেন।
“কিন্তু পরে পুলিশ বলল, ওই অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তাহলে প্রাধ্যক্ষ কিসের ভিত্তিতে এটা করলেন? দলকানা ও ছ্যাঁচড়া এই প্রাধ্যক্ষকে অপসারণ করতে হবে। মেফতাহুল মারুফকে হেনস্তা করা ছাত্রলীগ নেতা-কর্মীদের বিচার করতে হবে।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায় বলেন, জিয়া হলের ঘটনাই প্রথম ঘটনা নয়, অন্যান্য হলেও এমন ঘটনা নিয়মিতই ঘটছে। কিছু প্রকাশিত হচ্ছে, বেশির ভাগই আড়ালে থেকে যাচ্ছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আরাফাত সাদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আরমানুল হক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য জাবির আহমেদ বক্তব্য দেন।
