Published : 16 Nov 2025, 09:08 PM
মাস পেরোলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা বুঝে পায়নি তাদের জন্য চাকসু ভবনে বরাদ্দ করা কার্যালয়।
কার্যালয় বুঝে না পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের বলে অভিযোগ করেছেন তারা। তারা এখানে সেখানে বসে কাজ চালিয়ে যাচ্ছেন।
চাকসু ভবনের সংস্কার কাজ চলছে। নির্বাচনের আগে নতুন করে রং করানো হয়েছিল। বাথরুমসহ বেশ কিছু সংস্কারও করা হয়েছিল। তবে তা এখনও শেষ হয়নি।
তিন তলা চাকসু ভবনের নিচতলার একপাশে ক্যান্টিন, অন্যপাশের কক্ষটিকে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় তলার এক পাশে ছাত্রদের অন্যপাশে ছাত্রীদের কমন রুম।
তৃতীয় তলার একদিকে চাকসু পরিচালকের কার্যালয় আর বিপরীত দিকে ছাত্র সংসদের প্রতিনিধিদের জন্য বরাদ্দ করা কক্ষ। আর একটিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়।
প্রায় তিন যুগ পর গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিজয়ীরা গত ২৩ অক্টোবর শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
এক বছর মেয়াদী চাকসুর কমিটির জয়ী হওয়ার এক মাস পার হয়ে গেলেও এখনও তারা বসতে পারেনি তাদের জন্য বরাদ্দ থাকা কার্যালয়ে। যে কারণে ‘পরিচিতি বোর্ডেও’ নাম ওঠেনি তাদের।

এমন অবস্থায় গত ৩ নভেম্বর চাকসুর নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে।
নির্বাচিত ভিপি ইব্রাহীম রনি ও জিএস সাঈদ বিন হাবিব কার্যালয় বুঝে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের ভাষ্য, নির্বাচনের আগেই চাকসু ভবন প্রস্তুত করে রাখা এবং শপথ গ্রহণের পর তাদের কার্যালয় বুঝিয়ে দেওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
ইব্রাহিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শপথের ২৫ দিন হয়েছে। প্রশাসন কিছু কেনাকাটা করলেও কার্যালয় এখনও প্রস্তুত করতে পারেনি।

দ্রুত সময়ের মধ্যে কার্যালয় বুঝে পাওয়ার আশা সাঈদ বিন হাবিবের।
এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, "চাকসু কার্যালয় সংস্কারের জন্য বাজেট দেওয়া হয়েছে, কাজও শুরু হয়েছে। তবে এর বেশী আমার জানা নেই।"
চাকসুর পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোষাধ্যক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী এটিকে পরিচালকের দায়িত্ব মন্তব্য করে বলেন, কাজ শুরু হয়েছে, দ্রুত শেষ হয়ে যাবে।