’শোক দিবসের’ স্মৃতি বক্তৃতা ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে
বাকশাল গঠনের পেছনে বঙ্গবন্ধুর দর্শন এবং তার সঠিক বাস্তবায়ন হলে বাংলাদেশ কীভাবে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হত, তার ব্যাখ্যা দেন অধ্যাপক ফরাসউদ্দিন।
ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে জাতীয় শোক দিবস স্মরণে বিশেষ স্মৃতি বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার আফতাবনগর ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের আমন্ত্রিত বক্তা ছিলেন একুশে পদকজয়ী ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
তিনি বলেন, “বঙ্গবন্ধু ছিলেন একইসাথে একজন নিঃস্বার্থ, সক্রিয় এবং অনুপ্রাণিত করার মত নেতা, যিনি পাকিস্তান সৃষ্টির পরপরই একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং তার স্বপ্নকে কোটি কোটি বাংলাদেশির হৃদয়ে রোপণ করতে পেরেছিলেন।
“বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল, উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য পুনর্গঠনও শুরু করেছিলেন। এছাড়াও তিনি সাম্যভিত্তিক সমাজ গড়তে চেয়েছিলেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারর্পাসন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের প্রথম দিকে বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি।
সে কথা স্মরণ করে বাকশাল গঠনের পেছনে বঙ্গবন্ধুর দর্শন এবং তার সঠিক বাস্তবায়ন হলে বাংলাদেশ কীভাবে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হত, তা ব্যাখ্যা করেন ফরাসউদ্দিন।
বর্তমানে দেশ যেসব সমস্যার মোকাবেলা করছে, শিগগিরই তার অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম জিয়াউল হক মামুন এবং লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ফৌজিয়া মান্নান অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ ইশফাক এলাহী চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও অংশ নেন অনুষ্ঠানে।
