কুয়েট উপাচার্যকে ‘লাঞ্ছিত’ করায় ঢাবি উপাচার্যের 'নিন্দা'
"আলোচনার মাধ্যমে বিবদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষের আন্তরিকভাবে কাজ করা উচিত।”
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত করার’ ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, “সহিংসতা কখনও প্রতিবাদের ভাষা হতে পারে না। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক সব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, "আলোচনার মাধ্যমে বিবদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষের আন্তরিকভাবে কাজ করা উচিত।”
নিন্দা জানিয়েছে সাদা দলও
কুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে অভিযোগ তুলে এ ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, “দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
“উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি।”
বুয়েট উপাচার্যের নিন্দা
কুয়েট উপাচার্যকে `লাঞ্ছিত’ করার ঘটনায় 'গভীর উদ্বেগ এবং নিন্দা' জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, "কোনো অজুহাতে একজন শিক্ষককে লাঞ্ছিত করা বা শিক্ষকদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়।
“আমি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক ঘটে যাওয়া সব ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”
