১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

তার রুমমেটরা বিকালে কক্ষে ফিরে এসে এ দুর্ঘটনার মুখোমুখি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 06:52 PM

Updated : 21 Aug 2023, 07:35 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম মো. মঞ্জু শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে হলের ১৬৫ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানান শাহবাগ থানা পুলিশের এসআই মো. আল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হল প্রশাসন আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়। আমরা এসে দেখি ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। পরে হল প্রশাসনকে সাথে নিয়ে তার লাশ নামানো হয়।

“শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারি, রুমটিতে আরও তিনজন ছিল। তারা সকালে বের হয়ে যায়। বিকালে রুমে এসে দেখে খালি রুমে তার লাশ ঝুলছে।"

মঞ্জুর রুমমেট মো. ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা যখন সকালে রুম থেকে বের হয়ে যান তখন মঞ্জু ঘুমাচ্ছিলেন। বিকাল ৫টায় আসার পর তারা লাশ ঝুলতে দেখেন।

"কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারছি না। তবে মঞ্জু ভাই সব সময় চুপচাপ থাকতেন," যোগ করেন তিনি।