২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব ঠেকাতে দরকার ‘ইনফরমেশন লিটারেসি’: তথ্যমন্ত্রী

তিন দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের প্রায় ৩০০ জন অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 08:50 PM

Updated : 05 Aug 2023, 08:50 PM

গুজব ও ভুয়া সংবাদ থেকে রক্ষা পেতে ‘ইনফরমেশন লিটারেসির’ ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ আয়োজিত 'ইনফরমেশন অ্যান্ড নলেজ ম্যনেজমেন্ট' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অধিবেশনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “দেশে অবাধ ও স্বাধীন তথ্য প্রবাহে সরকার কোনো ধরনের বাধার সৃষ্টি করে না। কিন্তু গণমাধ্যম কতটা দায়িত্বশীল আচরণ করে, তা প্রশ্ন সাপেক্ষ।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এসব মাধ্যমে প্রচুর গুজব ও ভুয়া খবর ছড়ানো হয়। তাই, কোনটা সত্য সেটা বের করার জন্য জনসাধারণের মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি দরকার।”

শনিবার বিশ্ববিদ্যারয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের প্রায় ৩০০ জন অংশ নেন।

প্রধান অধিবেশনে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এম জিয়াউল হক মামুন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক গিলিয়ান অলিভার। স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন দিলারা বেগম।