১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষাঙ্গণে সহিংসতা স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে: ইসলামী ছাত্র আন্দোলন

ক্যাম্পাসে সহিংস ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 09:40 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

দেশের বিভিন্ন শিক্ষাঙ্গণে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন ও সহিংস কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

“শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।”

তিনি বলেন, “অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

সহিংস ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা করবেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার বিভিন্ন ক্যাম্পাসে তারা ‘সন্ত্রাসবিরোধী’ মানববন্ধন করবেন।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ ও অন্যরা উপস্থিত ছিলেন।