ঢাবির নতুন প্রক্টর সাইফুদ্দীন আহমদ
অধ্যাপক মো. মাকসুদুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপক সাইফুদ্দীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন বলে রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করা অধ্যাপক মো. মাকসুদুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপক সাইফুদ্দীন।
অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে জানিয়ে অফিস আদেশে বলা হয়েছে, কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য।
এ জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি পাবেন।
বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।
