হল উদ্ধারের আন্দোলনে নামছেন জগন্নাথের শিক্ষার্থীরা
শিক্ষার পরিসর বাড়লেও ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যার সুরাহা হচ্ছে না।
আশির দশক থেকে পর্যায়ক্রমে বেদখল হওয়া হলগুলো উদ্ধারের অভিযানে নামছেন আবাসন সংকটে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এ আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “আমাদের কোষাধ্যক্ষ স্যারের পরামর্শক্রমে আগামীকাল (মঙ্গলবার) আমরা হল উদ্ধার আন্দোলনে নামব। উনার সঙ্গে আমাদের কথা হয়েছে।
“বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান করব, তারা যেন আগামীকাল আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন।”
বেদখলে যাওয়া হলগুলো ছাড়াও ধোপখোলায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ উদ্ধারেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সমন্বয়ক নূর নবী।
কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার করতে আইনগত বিষয় এবং আমাদের অধিকারের বিষয়টি মাথায় রাখতে হবে। একজন কোষাধ্যক্ষ হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।'
“আমাদের হলগুলোতে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন অবস্থান করেছে। যারা হলগুলো দখল করে নিয়েছে, তারা কোন ডকুমেন্টসের ওপর ভিত্তি করে দখল করেছে, সেটা দেখার বিষয় আছে।”
সাবেক সরকারি জগন্নাথ কলেজ ২০০৫ সালে ৪টি অনুষদের অধীনে (কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ২০টি বিভাগ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে। শিক্ষার পরিসর বাড়লেও ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যার কোনো সুরাহাই হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা আশেপাশের বিভিন্ন মেসে থাকেন। আর একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আবাসিকতা না পাওয়া ছাত্রীরাও থাকেন বিভিন্ন মেসে। ছাত্র-ছাত্রীরা কলেজ থাকাকালীন সময়ে বেহাত হওয়া হলগুলো উদ্ধারে বিভিন্ন সময় দাবি-দাওয়া ও আন্দোলন করলেও তা ফলপ্রসূ হয়নি।
পুরান ঢাকার বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে তৎকালীন জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা যেসব হল তৈরি করেছিল, ১৯৮৫ সালের পর থেকে সেগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যেতে থাকে। একসময় শিক্ষার্থীরা ছাত্রাবাসগুলোতে থাকলেও যথাযথ কাগজপত্র না থাকায় এগুলো আর উদ্ধার করা সম্ভব হয়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ অনুযায়ী বিলুপ্ত কলেজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বুঝিয়ে দিতে দায়িত্ব পাওয়া মুসিহ-মুহিত অডিট ফার্মের অনুসন্ধানে তৎকালীন জগন্নাথ কলেজের ১২টি হলের তথ্য উঠে আসে।
এগুলো হল- ড. হাবিবুর রহমান হল, শহীদ শাহাবুদ্দিন হল, শহীদ আনোয়ার শফিক হল, শহীদ আজমল হোসেন হল, নজরুল ইসলাম হল, তিব্বত হল, বাণী ভবন হল, আব্দুর রউফ মজুমদার হল, সাইদুর রহমান হল, আব্দুর রহমান হল, বজলুর রহমান হল ও ক্রাউন ভবন।
আরও পড়ুন-
