Published : 14 Apr 2026, 12:22 AM
ধর্ম অবমাননার অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরিফে ‘পীর’ শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে কুপিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ও দেশজুড়ে মব সহিংসতার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ হয়েছে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কুষ্টিয়ার ঘটনায় বিচার দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী।
অবস্থান কর্মসূচিতে জাবির প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী দুর্বার আদির সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন ও বিপ্লবী ছাত্র মৈত্রী নেতারা বক্তব্য দেন।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের প্রচার সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী বলেন, “কুষ্টিয়ায় পীর শামীমের ওপর পুলিশের উপস্থিতিতে যে হামলা হয়েছে, তা কোনোভাবেই ‘মব হামলা’ নয়। এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বারবার ঘটছে, যেখানে নির্দিষ্ট একটি গোষ্ঠী ভিন্নমত বা ভিন্ন পরিচয়ের মানুষকে লক্ষ্য করে আক্রমণ করছে।
“শাহবাগসহ বিভিন্ন স্থানে শুধু চেহারা বা পরিচয়ের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করে হামলার ঘটনাও ঘটেছে, যা দেশের সামাজিক নিরাপত্তা ও সহনশীলতার জন্য মারাত্মক হুমকি।”
তিনি আরও বলেন, “একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও এ ধরনের অব্যাহত সহিংসতা গণতন্ত্রের জন্য লজ্জাজনক। অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে, সে জন্য সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে।”
কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক, সাংগঠনিক সম্পাদক মায়িশা মনি, বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে শনিবার দুপুরে দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরে ‘শামীম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত আস্তানায় শত শত লোক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় পিটিয়ে ও কুপিয়ে ‘পীর’ শামীম রেজাকে হত্যা করা হয়। হামলায় তার তিন ভক্ত মহন আলী, জামিরুন ও জুবায়ের গুরুতর আহত হন।