Published : 25 Dec 2025, 10:28 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা শুক্রবার নেওয়া হবে।
‘এ’ ইউনিটে ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৫ জন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্র ছাড়াও ১১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ঢাকার ৯টি কেন্দ্র হলো– জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ।
ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
সার্বিক প্রস্তুতির বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পরিমল বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার পরীক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকায় মোট ৯টি কেন্দ্র ও ঢাকার বাইরে খুলনা, রাজশাহী ও কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
গত ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা হয়।
সূচি অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা হবে।
এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (সকাল ১১টা থেকে দুপুর ১২টা) এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি (বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা) হওয়ার কথা রয়েছে।