‘শহীদী শপথ’ নিয়ে ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার চাইল ইনকিলাব মঞ্চ
“আমরা মনে করছি, জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একাত্মতা পোষণ করবেন।”
ত্রিশ কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা এবং ‘ইনসাফভিত্তিক’ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘শহীদী শপথ’ নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় শাহবাগে এ শপথ পাঠ করান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
বিভিন্ন সময়ে হাদির দেওয়া বাণী মঙ্গল ও বুধবার দেয়াললিখন ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সোশাল মিডিয়াতেও প্রচার আহ্বান জানান জাবের।
গত সোমবার ইনকিলাব মঞ্চের তরফে এফবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্নসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।
তিন দফার বিষয়ে জাবের সোমবার বলেন, “আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো বার্তা আসেনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইবুনালের মাধ্যমে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা—যারা পেশাদার এবং নির্ভরযোগ্য, তাদের মাধ্যমে শরীফ ওসমান হাদির খুনের সাথে জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তার করে বিচারকার্য নিশ্চিত করতে হবে।”
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বৃহস্পতিবার তারা কোনো কর্মসূচি রাখবেন না।
জাবের বলেন, “আমরা মনে করছি, জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একাত্মতা পোষণ করবেন।”
আগামী বৃহস্পতিবারের পর ইনকিলাব মঞ্চ লাগাতার কর্মসূচি দেবে বলে জানান সদস্য সচিব জাবের।
তিনি বলেন, “আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারাদেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে।”
শহীদী শপথ
ইনকিলাব মঞ্চের সদস্যরা হাত উঁচিয়ে যে ‘শহীদী শপথ’ নিয়েছেন, তা হুবহু তুলে ধরা হলো—
“শহীদ ওসমান হাদির রক্তের শপথ—এই রক্ত বৃথা যেতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পেছনে রয়েছে, যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায়; তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব।
“এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেঁকে বসেছে, তার সমূলে উৎপাটন করব। ভয়, লোভ আর আপোসের রাজনীতি—আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোনো ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না।
“আমরা শপথ করছি—শহীদ ওসমান হাদির হত্যার, দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব; লড়াইয়ে থাকব, পিছু হঠব না। এক চুলও নড়ব না। আমরা শপথ করছি— শহীদ ওসমান হাদির স্বপ্নের, ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব।
“যেখানে শাসক—জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে; গুম, খুন, হত্যা বন্ধ করবে। এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক। শাহাদাতের তামান্না নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নীরবতা মানেই বিশ্বাসঘাতকতা।
“শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত—বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইনসাফ কায়েমের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে; আমাদের সংগ্রাম চলবে। আধিপত্যবাদ নিপাত যাক। দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশ মুক্তি পাক। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।”
