১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে শিবির, ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা।

ঢাবিতে শিবির, ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের মিছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 11:04 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একইসময়ে বিক্ষোভ-মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ।

বুধবার রাত ৮টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে তিন সংগঠন।

মিছিল থেকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। আর কক্সবাজারে এক বিএনপি নেতা হত্যাকাণ্ডে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রদল।

ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সমাবেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সমাবেশ।

সেখানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশন সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, “হাসিনা ও তার দোষদেরকে গোপালগঞ্জে আশ্রয় দেওয়া হয়েছে। এই স্বাধীন দেশে তাদের কোনো জায়গা হবে না।

“আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা যদি বিচার করতে না পারেন, আপনারা পদত্যাগ করেন। ছাত্রজনতা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে।”

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরাও। ক্যাম্পাসের ডাস কর্নার থেকে ভিসি চত্বর হয়ে ফের ডাস কর্নারে এসে মিছিল শেষ করেন তারা।

অপরদিকে কক্সবাজারে এক বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সমাবেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সমাবেশ।

টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে ভিসি চত্বর ও মধুর ক্যান্টিন হয়ে রোকেয়া হলের কাছে তাদের মিছিল শেষ হয়। মিছিলে ‘রাজাকার স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’- স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা রহিম শিকদারকে হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ গতানুগতিক রাজনৈতিক কালচার পরিবর্তন হয়ে নতুন ধারা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু জামায়াতে ইসলামী এই সংস্কৃতি ধ্বংস করেছে। এজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”