ঢাবির ছাত্রী হলে খাবারের মানবৃদ্ধিসহ ৬ দাবিতে মানববন্ধন
একই ধরনের দাবিতে আগেরদিন উপাচার্যকে স্মরকলিপি দেন হল ছাত্রলীগের শীর্ষ নেত্রীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলগুলোতে খাবারের মানবৃদ্ধি, বিশুদ্ধ পানি সরবরাহ, অনাবাসিক ও এক হলের ছাত্রীদের অন্য হলে ঢোকার ব্যবস্থাসহ ৬ দাবিতে মানববন্ধন করেছেন একদল ছাত্রী।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
অন্য দাবির মধ্যে আছে- হলের কর্মচারীদের দৌরাত্ম্য কমানো এবং ছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, হলে ফার্মেসি স্থাপন এবং কোনো ছাত্রী রাতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা এবং আগাম আবেদন ছাড়াই নাম নথিভুক্তির মাধ্যমে রাত সাড়ে ১১টা পর্যন্ত লেট গেইট দিয়ে ঢোকার ব্যবস্থা করা।
আগামী তিন দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার দেওয়া হয় ওই কর্মসূচি থেকে।
এর আগে শনিবার খাবারের মানবৃদ্ধি, বিশুদ্ধ পানি সরবরাহসহ আট দাবিতে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দেন ছাত্রলীগের হল প্রতিনিধিরা। তাদের অভিযোগ, ছাত্রীদের পাঁচটি আবাসিক হলে ‘উচ্চদামে নিকৃষ্ট মানের খাবার’ পরিবেশন করা হচ্ছে। খাবার পানির যথেষ্ট ফিল্টার না থাকার পাশাপাশি আবাসিক ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের মতো অভিযোগ আনা হয় সরকার সমর্থক ছাত্রসংগঠনটির স্মারকলিপিতে।
রোববারের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী আশরেফা তাসনিম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলগুলোতে কোনো নিয়মের তোয়াক্কা না থাকলেও অদ্ভুত কিছু নিয়ম মানতে হয় ছাত্রীদের হলগুলোতে। হলের অভ্যন্তরীণ বিভিন্ন ভবনে তালা মেরে দেওয়া হয়। কোনো কারণে দুর্ঘটনা ঘটলে কোনো মেয়ে সেখান থেকে রক্ষা পাবে না।
“এক হলের মেয়েরা আরেক হলে ঢুকতে পারে না। এমনকি অনাবাসিক মেয়েরা নিজেদের হলে ঢুকতে পারে না। মেয়েদের হলে ফার্মেসি নাই। খাবারের দাম নেওয়া হয় অনেক বেশি, কিন্তু মান ও পরিমাণ অনেক কম। মেয়েদের হলে মা-বোনদের ঢুকতে দেওয়া হয় না। আমরা এসব নিয়মের পরিবর্তন চাই।”
হলের বিভিন্ন সমস্যা তুলে ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষার্থী বলেন, “ভাত খেতে ২০ টাকা লাগে, তাহলে আমি তরকারি কিনব কী দিয়ে? আমি কৃষকের মেয়ে। ক্যাম্পাসে রিকশা ভাড়াও অনেক বেশি। এখানে মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই।
“আমরা কি মানুষ না? আমরা ভাত খেতে পারব না, পানি খেতে পারব না। রোকেয়া হলে ওয়্যারড্রোব ঢুকাতে দেয় না, শামসুন্নাহার হলে আবার পাঁচ তাকের ওয়্যারড্রোব রাখতে দেওয়া হয় না। কেন? এখান থেকে লাফ দিয়ে কেউ আত্মহত্যা করবে? হলে কোনো সিলিং ফ্যান নাই। এখানে নাকি আত্মহত্যা করবে!”
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি বলেন, “ডাকসু না থাকার কারণে প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন নাই। প্রশাসনের একচ্ছত্র আধিপত্যের কারণে শিক্ষার্থীরা অনেক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
“শিক্ষকরা ঠিকই বেতন নেন, কিন্তু হলগুলোতে ন্যূনতম কোনো মানবিক মর্যাদা নিশ্চিত করা হয় না। আজকে প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে কোনো মেলবন্ধন নেই। প্রশাসন এই দাবিগুলো মেনে নিক। এতে করে প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে দূরত্ব কমে আসুক।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে সংযুক্ত থাকেন। তাদের মধ্যে যারা অনাবাসিক, তাদের হলে প্রবেশ করতে দেওয়া হয় না।
শামসুন নাহার হলের আরেক শিক্ষার্থী নুসরাত তাবাসসুম বলেন, “হলে সংযুক্ত থাকার পরও অনাবাসিক শিক্ষার্থীরা তার হলে প্রবেশ করতে পারছে না। এর থেকে জঘন্য নিয়ম কোনো বিশ্ববিদ্যালয়ে আছে বলে আমার মনে হয় না।
“বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত অবহেলা ও নানা রকমের অযত্নের কারণে শিক্ষার্থীদের জীবনে নেমে আসছে নানা রকমের দুর্যোগ।”
‘উচ্চদামে নিকৃষ্ট মানের’ খাবার ঢাবির ছাত্রী হলে: ছাত্রলীগ
দ্রব্যমূল্যের চাপ খাবারে, ক্ষোভ বাড়ছে ঢাবিতে
