২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে হিজাব-নিকাব পরা ছাত্রীদের ‘পরিচয় শনাক্ত’ করবেন নারীরা

বাংলা বিভাগের এক শিক্ষার্থী ফেইসবুকে লেখেন, পরীক্ষার হলে নিকাব খুলে পরিচয় শনাক্ত করা নিয়ে তিনি বিড়ম্বনায় পড়েছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 12:51 AM

Updated : 26 Aug 2026, 11:58 AM

পরীক্ষা চলার সময় নিকাব পরা এক ছাত্রীর ‘পরিচয় শনাক্ত’ নিয়ে সমালোচনা শুরুর পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরা ছাত্রীদের ‘পরিচয় শনাক্ত’ করা হবে।

পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্থার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর গ্রেপ্তার এবং তাকে ছাড়াতে থানায় ‘তৌহিদি জনতার’ অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার নতুন বিতর্ক ওঠে ‘পরিচয় শনাক্ত’ নিয়ে।

এদিন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী ফেইসবুক পোস্টে লেখেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় হলে নিকাব খুলে পরিচয় শনাক্ত করা নিয়ে তিনি বিড়ম্বনায় পড়েছিলেন।

এরপর রাতেই ডিনস কমিটির সভায় নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক, নারী কর্মকর্তা বা নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রীদের পরিচয় শনাক্ত করতে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। 

“পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতা যাচাই করা হবে।”

ডিনস কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানও উপস্থিত ছিলেন।