২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটিতে ‘পদ চেয়ে’ চবিতে ছাত্রলীগের বিক্ষোভ

আন্দোলনে থাকা ছাত্রলীগের কর্মীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

কমিটিতে ‘পদ চেয়ে’ চবিতে ছাত্রলীগের বিক্ষোভ

রোববার মূল ফটক আটকে বিক্ষোভ করে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 09:07 PM

Updated : 11 Sep 2022, 09:07 PM

ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ করেছে সরকার সমর্থক এ ছাত্র সংগঠনের সাতটি উপগ্রুপ।

বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক উপগ্রুপ ভিএক্স, বাংলার মুখ, রেড সিগনাল, উল্কা, এপিটাফ এবং কনকর্ডের নেতাকর্মীরা রোববার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

এসব উপগ্রুপের সদস্যরা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যোগ্য ও ত্যাগী কর্মীদের কমিটিতে পদ দেওয়া, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদ বণ্টনসহ তিন দফা দাবিতে আমরা আন্দোলন করছি।”

অছাত্র, বিবাহিত ও যারা বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে জড়িত হয়ে ছাত্রলীগকে ‘কলুষিত’ করেছে- তাদের কমিটি থেকে বহিষ্কার করার দাবিও রয়েছে আন্দোলনকারীদের।

আন্দোলনকারী ভিএক্স উপগ্রুপের নেতা এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করতেই আমরা ফটক আটকে বিক্ষোভ করেছি। তবে শিক্ষার্থীদের পরীক্ষার কথা ভেবে গেইট খুলে দেওয়া হয়েছে।”

দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধে যাওয়ার কথাও তিনি বলেছেন।