২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান-ছবি-নাটকসহ নানা আয়োজনে ঢাবিতে বিজয় উদযাপন

“মুক্তিযুদ্ধের গৌরব স্তরে স্তরে দূর করার সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক চেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে,” বলেন ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে হাঁটলে চোখে পড়ছিল মুক্তিযুদ্ধের নানা স্মৃতিকথা, আলোকচিত্রে দেখানো হচ্ছিল মুক্তিযুদ্ধে আত্মদানের ইতিহাস। 

আবার ছাত্র শিক্ষক কেন্দ্রে মুক্তিযুদ্ধের গান আর নাটকের সঙ্গে ছিল ইতিহাসে ফিরে দেখার আয়োজন। 

কার্জন হলসহ বিশ্ববিদ্যালয়ের নানা স্থাপনায় তাকালে চোখে পড়ছিল আলোকসজ্জা। 

এ ধরনের নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন। 

তবে প্রতিবছর বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিসেম্বরের প্রথমার্ধে নানা কর্মসূচি হাতে নিলেও এবার ‘কিছুটা বিলম্ব হয়েছে’ বলে অভিযোগ তুলেছে কোনো কোনো ছাত্র সংগঠন।

ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর বিজয় দিবসে যে পরিমাণ উদযাপন হয়ে থাকে, এবার সে পরিমাণ হয়নি। আমাদের প্রশাসন যে ‘জামাতি’ প্রশাসনে পরিণত হয়েছে, তার কয়েকটি উদহারণ আমরা দেখতে পেয়েছি। “আমরা দেখেছি জগন্নাথ হলে গোলাম আজমদের ছবি আঁকা হলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন মুছে দিয়েছে।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের যে গৌরব, তা স্তরে স্তরে দূর করার সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। এবার সে কারণে প্রতিটি ছাত্রসংগঠনের মুক্তিযুদ্ধ উদযাপনের আয়োজন বেড়েছে।”

ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আলামিন সরকার বলেন, “এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল আচরণ করেনি। তারা আমাদের সমালোচনার পরে এটুকু করেছে। এটা নামকাওয়াস্তে করা। যে ক্যাম্পাসে এত শিক্ষক, কর্মকর্তা শহীদ হয়েছেন, সেখানে প্রশাসনের এমন আচরণ অপ্রত্যাশিত।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের যা যা আয়োজন

বিজয় দিবসে সকাল সাড়ে ৬টার দিকে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টার দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল এবং আবাসিক এলাকার মসজিদে শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনাসভার আয়োজনও ছিল। 

সন্ধ্যা পৌনে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

ডাকসুর সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ

বিজয় দিবসের উদযাপন হিসেবে ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

দুপুর দেড়টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। সেখানে ‘রাজাকারের চামড়া, তুলে নিব আমরা’, রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানের দালালেরা, হুশিয়ার সাবধান’সহ নানা স্লোগান শোনা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী হিশাম আনোয়ার বলেন, "আমরা রাজাকারদের ঘৃণা করি।  বিভিন্ন অপশক্তি রাজাকারদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে গোলাম আজম-নিজামীরা। তার উত্তরসূরিরা এখন মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে বিরোধিতা করছে।"

তিনি বলেন, "আমরা দেখেছি এ বছর ইসলামী ছাত্রশিবির তাদেরকে এদেশের সূর্যসন্তান হিসেবে তুলে ধরে অনুষ্ঠান করেছে। আমরা সেটাকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করি। তাই আজ বিজয় দিবসে আমরা গোলাম আজমের মুখে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছি।”

‘স্মৃতির বিজয় ২০২৫’

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ঘিরে এবারও তিন দিনব্যাপী ‘স্মৃতির বিজয় ২০২৫’- শিরোনামে অনুষ্ঠানমালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

রোববার স্মৃতি চিরন্তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। সোমবার সন্ধ্যার পর থেকে টিএসসিতে ফানুস উড্ডয়নসহ নানা আযোজনে হয় বিজয় উল্লাস।

মঙ্গলবার টিএসসিতে ছিল বিজয় দিবসে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক উন্মুক্ত চলচ্চিত্র প্রদশর্নী। এছাড়া আলোক প্রজ্বালন ও দেয়াল চিত্র অংকনসহ নানা আয়োজন চলে এই তিন দিনে।

'রক্তে রাঙা বিজয় আমার’

মঙ্গলবার প্রথম প্রহরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে বিজয় দিবসকে বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

তিন দিনের বিজয় উৎসবের সমাপন ঘটে টিএসসিভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনের মধ্য দিয়ে।

প্রথম দিনে ১৪ ডিসেম্বর সকাল ১০টায় হয় শোক র‍্যালি। একই দিন সন্ধ্যায় টিএসসিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে করা হয় প্রদীপ প্রজ্জ্বলন। 

সোমবার দ্বিতীয় দিন ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র সংবলিত পতাকা সেলাই কর্মসূচি। এ সময় জাতীয় পতাকার লাল অংশে স্বাধীন বাংলাদেশের মানচিত্র সেলাই করে পতাকায় জুড়ে দেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। টিএসসির প্রবেশমুখে পতাকাটি উত্তোলন করা হয়। 

সেদিন বিকাল ৩টায়, ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২৫’এর মূল সাংস্কৃতিক পর্ব শুরু হয় টিএসসির পায়রা চত্বরে।

সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কুইজ, পথনাটক, 'পাপেট শো', 'প্লানচেট বিতর্ক', বিশেষ মাইম, কবিতা আবৃত্তি ও নাচ-গানসহ নানা কর্মসূচি পালন করে। 

সাংস্কৃতিক পর্বের শেষে শুরু হয় বিজয়ের কনসার্ট।  সেখানে গান গেয়ে শোনায় ইলা লালালা, দূর্গ, টর্চার গোরগ্রিন্ডার, ইন্ট্রইট, আপনঘর, ডিইউবিএস টিম, রেড ওয়াইন, আননেইমড, কৃষ্ণপক্ষ, অ্যানেস্থেসিয়া ও অ্যান্টস অন দ্য রান নামের ব্যান্ডগুলো। পুরো কনসার্ট পর্বটি সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সোসাইটি।

ছাত্র ইউনিয়নের ‘রক্তের দলিল’ 

বিজয় দিবস উদযাপন করতে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস আলোকচিত্রে তুলে ধরে ছাত্র ইউনিয়ন।

‘রক্তের দলিল’ শিরোনামে ১৩ ডিসেম্বর থেকে ‘গণহত্যার সাক্ষ্য’, ‘রাজাকারের আমলনামা’, ‘অপূর্ণ জনযুদ্ধ’ ও ‘বিজয়গাথা’ নামে নানা দলিল তুলে ধরে তারা। পাশাপাশি ‘মুক্তির গান’ শিরোনামে গানে গানে তুলে ধরে মুক্তির ইতিহাস।                                 

বুদ্ধিজীবী দিবসে ‘শেকল ভাঙার চলচিত্র’ প্রতিপাদ্যে দেখানো হয় ‘স্টপ জেনোসাইড’।

আর সোমবার রাতে ‘৩০ লক্ষ শহিদ, বাহুল্য নাকি বাস্তবতা’  শিরোনামে আয়োজন করে আলোচনা অনুষ্ঠান। সেখানে আলোচক হিসেবে মুক্তিযুদ্ধ গবেষক আরিফ রহমান গণহত্যার ক্ষেত্রে পাকিস্তানি বাহিনীর মনস্তত্ব ব্যাখ্যা করেন।

ছাত্রশক্তির ‘ছবিতে মুক্তিযুদ্ধের প্রদর্শনী’

বিজয় দিবস ঘিরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুই দিনের মুক্তিযুদ্ধের নানা আলোকচিত্র প্রদর্শনী করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করে তারা। এছাড়া সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়। সেখানে ‘সহজিয়া’ ও ‘আননেমড’ নামে দুটি ব্যান্ড গান গাওয়ার কথা। 

‘বিজয় উল্লাস: দেশের জন্য গান’ জগন্নাথ হলে  

‘বিজয় উল্লাস: দেশের জন্য গান’ শিরোনামে কনসার্ট আয়োজন করে জগন্নাথ হল ছাত্র সংসদ।

সেখানে মঙ্গলবার সন্ধ্যায় ‘সহজিয়া’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ইলেকট্রোড’, ‘গানতন্ত্র’, ‘ব্লাইন্ডপোস্ট’ ব্যানের গান গান পরিবেশনের কথা। 

এর বাইরে বেলা ২টার দিকে বিজয় সাইকেল র‍্যালি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। 

এছাড়া সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা দুই দিনের আলপনা উৎসব।