২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

এর আগে ২ ডিসেম্বর সীমান্ত ভৌমিক নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 12:30 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আবু সাঈদ নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে তাকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।

আটক মোহাম্মদ আবু সাঈদের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। 

নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মহসিউল জাহিদ বলেন, "সে আমাদের বিভাগের শিক্ষকদের নিয়ে ফেইসবুকে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিরূপ মন্তব্য করে পোস্ট করেছে বলে জানতে পারি। বিষয়টি যাচাইয়ের জন্য তার সঙ্গে কথা বললে, সে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে দাবি করে, কিন্তু এই শিক্ষাবর্ষের কেউই তাকে চিনতে পারে না। 

“পরে তার পরিচয়পত্র দেখতে চাইলে সে মুঠোফোনে একটি আইডি কার্ডের ছবি দেখায়। তবে ওই আইডি কার্ডে থাকা নম্বরটি আমাদের বিভাগের আইডি নম্বরের সঙ্গে অসঙ্গতি পাওয়া যায়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হই যে এটা ভুয়া আইডি কার্ড এবং সে ভুয়া শিক্ষার্থী।”

প্রক্টর হোসেন শহীদ সরওয়াদী বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থী তাদের বিভাগের নাম ভাঙিয়ে পরিচয় ব্যবহার করার অভিযোগে এক যুবককে আটক করেন। পরে তার আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় শিক্ষার্থীরা বিষয়টি আমাকে জানায়।

“খবর পেয়ে আমি এসে ওই যুবকের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তবে তিনি ফোন রিসিভ করেননি। পরে তার মায়ের সঙ্গে কথা বলা হলে,তার মায়ের কথার সঙ্গে তার কথাবার্তার কোনো মিল পাওয়া যায়নি। যেহেতু সে বহিরাগত, তাই পরিস্থিতি বিবেচনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এর আগে ২ ডিসেম্বর সীমান্ত ভৌমিক নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি নিজেকে মেরিন সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন।