১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় হামলা: নগরীতে সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের

তিন উপদেষ্টা ও পুলিশ বাহিনীর ক্ষমা প্রার্থনাসহ তিন দফা বাস্তবায়নের নির্বাহী আদেশ জারির দাবি তাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

রাজধানী ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চুয়েটের শিক্ষার্থীরা। 

বুধবার বিকাল সাড়ে ৫টা থেকে ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই সড়কসহ আশপাশের সড়কে যানজট বাড়তে শুরু করেছে।

সড়ক অবরোধের সময় তারা তিন উপদেষ্টা ও পুলিশ বাহিনীর ক্ষমা প্রার্থনা করে তিন দফা বাস্তবায়নের নির্বাহী আদেশ জারিসহ আহতদের চিকিৎসা ব্যবস্থার দাবি জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘অন্তর্বর্তী সরকার ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে সড়কে গায়েবানা জানাযা পড়েন।

ষোলশহরে রিকশায় মাইক লাগিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদের। সেখানে পুরকৌশল বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান মহব্বত চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ঢাকায় হামলার 'নির্দেশদাতা' পুলিশের উপকমিশনার মাসুদকে বরখাস্ত করে পুলিশ বাহিনী এবং উপদেষ্টা ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ নজরুলের ক্ষমা প্রার্থনা, তিন দফা দাবি বাস্তবায়নে নির্বাহী আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থা করা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য চলবে না। মেধারভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী লিখতে পারবে না।

প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থানের পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা সড়ক থেকে সরে বিপ্লব উদ্যানে অবস্থান নেয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

তবে অবরোধের চতুর্মুখী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়।

বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা আগের দিন কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টা থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেন।

পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যুমনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ ঘটনায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে পরে ঢাকায় বিফ্রিংয়ে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও খবর-

স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা দাবি, শাহবাগে অবস্থানের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির 'যৌক্তিকতা' যাচাইয়ে কমিটি

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা: রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

যমুনার পথে যেতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ