Published : 27 Aug 2025, 06:36 PM
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ঢাকায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেলা ৩টার দিকে রুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন। তাৎক্ষণিক বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ক্যাম্পাসে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে নগরের তালাইমারী মোড়ে গিয়ে বিকাল ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা ঢাকায় বুয়েটের তিন দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার নিন্দা ও সমালোচনা করেন।
শিক্ষার্থীরা জানান, ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই সড়ক ছাড়বেন না।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলেও যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করছে।