তেলের দাম বাড়তেই চড়ল সবজির বাজার, বাড়তি চাল-আটাও
“বহির্বিশ্বে যখন সংকট হয় তেলের দাম বাড়তেই পারে। বাড়াইল কখন, যখন বহির্বিশ্বে কমতেছে,” বলেন এক ক্রেতা।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পাইকারি ও খুচরায় সবজির দাম বেড়েছে। আরেক দফা বাড়ল আটা, ময়দা ও চালের দাম। তেল, ডাল, ডিম ও দুধের দামও বাড়তি।
জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়ানোর পর শুক্রবার ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার, কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
ব্যবসায়ীরা পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার কথা বলছেন। তবে ভোক্তাদের অভিযোগ, তেলের দাম বাড়ার অজুহাতে অনেক পণ্যের দাম বাড়ানো হচ্ছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন কাঁচাবাজারের সুজন গুড ভাণ্ডার থেকে শুক্রবার সকাল ১১টার দিকে গুঁড়ো চাল কিনছিলেন জান্নাতুল ফেরদৌস। ৯০০ গ্রামের এক প্যাকেট গুঁড়ো চালের দাম ৭০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ক্রেতা বলেন, “কিছুদিন আগেই প্যাকেট কিনেছিলাম ৬৬ টাকায়। আজকে নিল ৭০ টাকা।”
দাম বাড়ার কারণ জানতে চাইলে দোকানটির স্বত্বাধিকারী সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে মালগুলো আগে আনা ছিল ওগুলোর দাম বাড়াইনি। আজকে-কালকে যে মালগুলো কেনা লাগছে, ওগুলোতে দুই-তিন টাকা বেশি নেওয়া লাগছে।”
বেশি নেওয়ার কারণ হিসেবে জ্বালানি তেলের দাম বাড়ার কথা বলেছেন তিনি। সেলিম বলেন, চিড়া ও মুড়ির দামও বাড়তে পারে।
রোববার চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।
এর পর থেকেই পণ্য পরিবহনে ভাড়া বেড়ে গেছে। নির্দিষ্ট করে ভাড়া কত শতাংশ বাড়বে, সেটি ঠিক না হওয়ায় যে যার মত ভাড়া নিচ্ছেন ট্রাক, লরি, পিকআপ ও কভার্ড ভ্যান মালিকরা। যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে।
গত মাসে মোড়কের প্রতিকেজি ময়দা ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছিল। এক সপ্তাহ আগে থেকে দাম বেড়ে দাঁড়ায় ৮০ টাকা। তেলের দাম বাড়ার পর আরও ৫ টাকা বেড়ে হয়েছে ৮৫ টাকা।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এক প্যাকেট ময়দা কিনতে ৬ শতাংশের বেশি খরচ করতে হচ্ছে ভোক্তাকে।
গত মাসে দাম বাড়ার পর খুচরায় মোড়কের আটা বিক্রি হয়েছিল কোম্পানিভেদে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। সেই এখন আটা কিনতে হচ্ছে ৭০ টাকায়।
মোড়কের আটা ও ময়দার দাম বাড়লেও খোলাটা কিছু কম ছিল। কিন্তু বুধবার থেকে সেটার দামও বাড়তে শুরু করেছে। খোলা ময়দার দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮ থেকে ৭০ টাকা। আর খোলা আটা প্রতিকেজি ৪৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা।
নতুন করে দুই কেজির যে মোড়কের আটা ও ময়দা খুচরা দোকানে দিয়েছে কোম্পানিগুলো, তার গায়ে খুচরা মূল্য লেখা রয়েছে যথাক্রমে ১৪০ ও ১৬০ টাকা।
কারওয়ান বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডিংয়ের ব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, “ময়দা (দাম) কই উঠবে বলা যায় না। দুই মাস দাম বাড়ে। দুই দিন আগে আরেক দফা বাড়ে। কোম্পানি যে দাম লিখে দেয়, ওই দামেই বিক্রি করি।”
কেন ফের দাম বাড়ানো হল, জানতে চাইলে তিনি বলেন, “ওই আর কি, তেলের কথাই বলল, প্রোডাকশন কস্ট বাড়ছে, গাড়ি ভাড়া ভাড়ছে, তাই দাম বেশি।”
দীর্ঘদিন ধরে ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল খামারের লাল ডিম। এখন সেই ডিমের দাম ছুঁয়েছে ১৬০ টাকা ডজন। এক হালি নিলে দাম দিতে হচ্ছে ৫৫ টাকায়।
মোটা দানার মসুর ডাল প্রতিকেজি ৯০ থেকে ৯৫ টাকায় পাওয়া যেত, শুক্রবার বিক্রি হয়েছে ১০০ টাকা।
যদিও রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির দৈনিক বাজার দর বলছে, সপ্তাহের ব্যবধানে এ মানের মসুর দামের দাম প্রতিকেজি ৯০ টাকা থেকে বেড়ে হয়েছে প্রায় ৯২ টাকা।
চলতি মাসের শুরুতে বাজারে বোতলের এক ও দুই লিটারের সয়াবিন তেলের সংকট দেখা দেয়। লিটারে ৫ টাকা বাড়ানোর পর সরবরাহ স্বাভাবিক হয়।
তবে জ্বালানি তেলের দাম বাড়ার পর বুধবার থেকে আবার সয়াবিন তেলের এক ও দুই লিটারের বোতলের সংকট দেওয়ার কথা বলেছেন খুচরা বিক্রেতারা।
বছিলার সিটি হাউজিং এলাকার ডেইলি নিডসের স্বত্বাধিকারী তানভীর জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই-এক সপ্তাহ তেল নিয়ে সমস্যা ছিল না। বুধবারে কারওয়ান বাজার থেকে মাল নিতে গেলাম, ছোট বোতল নাই। আধা লিটার, এক লিটারের তেল পাইকারি থেকে অনুরোধ করেই আনলাম। এই এলাকায় বড় বোতলের চেয়ে ছোট বোতলের চাহিদা বেশি।”
সরবরাহ সংকটের মধ্যেই সয়াবিনের দাম বেড়েছে। দুই লিটারের বোতলের সরকার নির্ধারিত দাম ৩৯৮ টাকা। কিন্তু সেই তেল বিক্রি হচ্ছে ৪০৪ টাকা। পাঁচ লিটার বোতল সয়াবিনের সরকার নির্ধারিত দাম ৯৭৫ টাকা, তা বেড়ে হয়েছে ৯৮৮ টাকা।
মিরপুরের পাইকপাড়ার এক গৃহিণী বলেন, তিনি রূপচাঁদার পাঁচ লিটারের বোতল কিনেছেন ১ হাজার টাকায়।
আটা ও ময়দার পাশাপাশি মাঝারি মানের পাইজাম ও আটাশ চালের দামও বেড়েছে। গত সপ্তাহে এ চাল বিক্রি হয় প্রতিকেজি ৫৬ থেকে ৫৮ টাকা দরে। শুক্রবার বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ টাকা।
চালের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন কাঁচাবাজারের ‘আল্লাহর দান চাউল ভাণ্ডারের’ অংশীদার লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, “কুষ্টিয়া থেকে চাউল আনতে গাড়ি ভাড়া ৪ থেকে ৫ হাজার টাকা বেড়েছে। এগুলো তো পাইকারিতে মেলাতে হবে।
পাইকারিতে বস্তা প্রতি ১৫ থেকে ২০ টাকা বেশি পড়ছে। খুচরা ব্যবসায়ীরা ২ থেকে ৩ টাকা বাড়তি নিবেই।”
তিনি বলেন, “কিছুদিন পরেই ধান উঠবে এখন মৌসুম, চাল উঠছে। চলের দাম বাড়বো না।”
জ্বালানি তেলের দাম বাড়ার আঁচ লেগেছে সবজির বাজারে। গোল বেগুনের দাম প্রতিকেজি ৪০ থেকে ১৬০ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০ টাকা। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, যা ছিল ৮০ টাকা। চিচিঙ্গা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ৬০ টাকা ছিল। আর ঝিঙা প্রতিকেজি ৮০ টাকা।
পটল, করলা ও ধুন্দল প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এসব সবজির ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল।
মোহাম্মদপুরের রায়েরবাজারের পাইকারি সবজি বিক্রেতা ইদ্রিস ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী মো. ইদ্রিস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে প্রতি কেজিতে এক টাকা ভাড়া বেশি পড়ে যাচ্ছে। পঞ্চগড় থেকে এক ট্রাক মাল আনতাম ২৬ হাজার টাকা ভাড়ায়। ওই ভাড়া এখন ৩১ হাজার টাকা। এক গাড়ি ৫ হাজার টাকা বাড়তি দিতে হচ্ছে।”
তিনি বলেন, যে লাউ আগে ১৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন, শুক্রবার সেটির দাম পড়েছে ১৬ টাকা। আর প্রতিটির দাম ১৮ টাকা। আকার ও মান ভেদে দামের পার্থক্য হয়।
ইদ্রিস ফকির বলেন, এদিন করলা বিক্রি করেছেন প্রতি কেজি ৪৫ টাকা দরে। তবে ময়মনসিংহের ভালো মানের করলার পাইকারি দাম পড়ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। চিচিঙ্গা বিক্রি হয়েছে ২৬ টাকা দরে। ঝিঙ্গা বিক্রি করেছেন ৩০ টাকা কেজি।
খুচরায় প্রতিটি সবজির দাম দ্বিগুণ কেন? জবাবে মোহাম্মদপুর টাউন হল বাজারের বাইরে বসা খুচরা বিক্রেতা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইকারি ব্যবসায়ীর দেওয়া হিসাবটা সঠিক নয়।”
তার দাবি, করলা কেনা পড়েছে ৫৫ টাকা কেজি দরে। ঢেঁড়শ আড়ত থেকেই কেজি ৫০ টাকা পড়েছে।
“এছাড়া আমরা লটে বা বস্তায় মাল কিনি। সব মাল ভালো পড়ে না। কেনার পর আলাদা করি। ধরেন করলা আমার এখানে দুই রকমের করলা আছে; কেজি ৫০ টাকাও আছে ৭০ টাকাও আছে। কিন্তু সব মিলায়ে এ সপ্তাহে দাম বাড়ছেই।”
কমতে থাকা কাঁচামরিচের দামও ফের বাড়ছে। এক সপ্তাহ আগে প্রতিকেজি কাঁচামরিচের মানভেদে দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। এখন তা ১৬০ থেকে ১৮০ টাকা গিয়ে ঠেকেছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা বেসরকারি চাকুরীজীবী চল্লিশোর্ধ্ব ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে এমনিতেই নানা সংকট। বহির্বিশ্বে যখন সংকট হয় তেলের দাম বাড়তেই পারে। বাড়াইল কখন, যখন বহির্বিশ্বে কমতেছে। তেলের দামের অজুহাতে সব জিনিসের দাম বাড়াচ্ছে। বাংলাদেশে যেটা বাড়ে সেটা কি কমে?”
তবে তেলের দাম বাড়ার প্রভাব এখনো দেখা যায়নি মুরগির বাজারে। এক মাস ধরে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৪০ টাকায়।
দুধের দাম লিটারে বাড়ল ১০ টাকা
সব কোম্পানির মোড়কের তরল দুধ লিটারে ১০ টাকা বেড়েছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন, খুচরা দোকানে মিল্কভিটা, ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটারের দাম ৫৫ টাকা ও এক লিটার ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) সভাপতি এস এম আমীর হামজা শাতিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিল্কভিটা একটি সমবায় সমিতি। আরও অনেকগুলো সমবায়ের কেন্দ্রীয় সমিতি এটি। ছোট সমবায় সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে দুধের দাম বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছিলেন।
“গ্যাসের সংকট চলছে ও বিদ্যুতের দাম বেড়েছে। দুধ প্রক্রিয়াজাত করার খরচ বেড়ে গেল। পরিবহন খরচ বাড়ল। প্রান্তিক পর্যায়ে গো-খাদ্যের দাম বাড়ল। ফলে আমাদের অংশীজনরা চাপ দিলেন দাম বাড়াতে হবে।”
