২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ বিকাশের

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে যৌথভাবে দেশের সকল বিভাগে শিক্ষার্থীদের মাঝে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করেছে বিকাশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 10:25 PM

Updated : 31 Aug 2022, 10:25 PM

সারাদেশে ২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ সম্পন্ন করেছে মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান বিকাশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সবশেষ চট্টগ্রামের ১১০টি স্কুলে গ্রাফিক নভেল মুজিবের ৪ হাজার ৪০০ কপি বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

বুধবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম, বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

চট্টগ্রামের ১১০টি স্কুলের প্রতিটিকে পাঁচ সেট করে গ্রাফিক নভেল ‘মুজিব’ দেওয়া হয়েছে। ফলে একই সঙ্গে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবে।

এর আগে ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রংপুরের বাংলা এবং ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে ১৫ হাজার ৬০০ কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করা হয়।

মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের ৩১ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে যৌথভাবে এই নভেলের ২০ হাজার কপি বিতরণের উদ্যোগ নেয় বিকাশ।

বিকাশের ভাষ্যে, শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আট খণ্ডে প্রকাশ করেছে গ্রাফিক নভেল ‘মুজিব’।