বাংলাদেশের সঙ্গে শতবর্ষের বাণিজ্যের ইতিহাস শোনালেন জাপানের মন্ত্রী
“আজকের বাংলাদেশ আমাদের ধারণার চেয়ে অনেক বেশি অগ্রগতি লাভ করেছে, বলেন দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা।
আজকের স্বাধীন বাংলাদেশের সঙ্গে দূরপ্রাচ্যের দেশ জাপানের একশ বছরের পুরোনো বাণিজ্যের ইতিহাস টেনে ভবিষ্যতের জন্য ৫০ বছর মেয়াদি রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন সফররত জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা।
রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক রিলেশন ফর দ্য নেক্সট ফিফটি ইয়ার্স’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতীতের বাণিজ্যের পাশাপাশি বর্তমানে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব, চলমান বিনিয়োগ এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি।
নিশিমুরা বলেন, আজকের বাংলাদেশ আমাদের ধারণার চেয়ে অনেক বেশি অগ্রগতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও বেসরকারি উদ্যোক্তাদের কারণে এটা সম্ভব হয়েছে। এক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোরও অবদান রয়েছে।
তিনি বাংলাদেশ সরকারকে ব্যবসার পরিবেশ উন্নয়নে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন।
জাপান ও বাংলাদেশের শত বছরের অর্থনৈতিক সম্পর্কের ইতিহাস টেনে ইয়াসুতোশি বলেন, জাপানের কোবে শহরে ১৮৯০ সালে প্রতিষ্ঠিত কয়জুমি কোম্পানি শতবছর আগে এ অঞ্চলের পাট নিয়ে পাটকলের ব্যবসা শুরু করে। এটি এখন জাপানের খুবই উৎপাদনশীল একটি কোম্পানি।
“স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সহায়তা ও অবকাঠামো খাতে বিনিয়োগ করে আসছে জাপান। বিশেষ করে যমুনা ব্রিজ, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, আজকের এ ভেন্যু সোনারগাঁও হোটেল।”
দেশটির বিনিয়োগের বর্ণনা দিয়ে ইয়াসুতোশি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাপান প্রতিবছর বাংলাদেশে ৩০০ জাপানিজ বিলিয়ন ইয়েন বিনিয়োগ করে আসছে। আজকের এ সোনারগাঁও হোটেলও জাপানিজ ওডিএ ঋণের মাধ্যমে নির্মিত। তাই হোটেলটি জাপান বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি বহন করছে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও ত্বরান্বিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২২ সালে বাংলাদেশে জাপানের প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ছিল অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ; প্রায় ১০ বিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে স্পেশাল ইকনোমিক জোন প্রতিষ্ঠিত হয়। এই যে ঢাকা মেট্রোরেল সেটাও জাপান-বাংলাদেশের যৌথ বিনিয়োগে নির্মিত।
বাংলাদেশের ভবিষ্যত অর্থনৈতিক অগ্রগতির পরিকল্পনাতেও জাপানের অংশীদার হওয়ার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসাবে বিবেচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে ৫ থেকে ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে। এখন ২০২৬ সালে এলডিসি পর্যায় অতিক্রম করার সময়সীমা ঠিক করেছে। ২০৪১ সালের মধ্যে দেশটি উন্নত দেশের মর্যাদায় যাওয়ার লক্ষ্যও ঠিক করেছে।
“গত ৫০ বছরে জাপান বাংলাদেশের পথ চলার আলোকে আমাদের আগামী ৫০ বছরের পরিকল্পনা ঠিক করা দরকার। বাংলাদেশের শিল্পোন্নয়নের ক্ষেত্রে তথ্য০প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এই বাইরে রয়েছে অর্থনৈতিক অঞ্চলগুলোর মতো অবকাঠামো খাতে বিনিয়োগ। এই ক্ষেত্রে জাপানের বিনিয়োগে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য অবকাঠামোর কথা উল্লেখ করা যেতে পারে।
“শিল্পায়নের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে জাইকা তথ্যপ্রযুক্তি খাতেও সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে আইসিটি মাস্টারপ্লান তৈরি করেছে। ইন্টারনেট নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য পলিসি তৈরি করছে। বাংলাদেশ জাপান ইন্ডাস্ট্রি আপগ্রেডেশন পার্টনারশিপ চুক্তিতে সই করেছি দুই দেশ। এর আওতায় বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।”
শিল্পায়ন ও বিনিয়োগের বিষয়ে সরকারের সঙ্গেও বিভিন্ন কাজ চলছে জানিয়ে জাপানের অর্থ ও বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে বিনিয়োগ ও শিল্পায়ন সংক্রান্ত কাজ করতে একটি পথরেখা তৈরি করেছি। দুই দেশের মধ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো নিয়েও আমরা আলোচনা করছি। এগুলো বাংলাদেশে বিভিন্ন জাপানি কোম্পানির শাখা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, জাপান-বাংলাদেশের বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে জাপানে এ সংক্রান্ত প্রথম রাউন্ড আলোচনা হয়েছে এবং আগামী ২৫-২৬ জুলাই ঢাকায় দ্বিতীয় রাউন্ড আলোচনা হবে। খুব শিগগির এ চুক্তি করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে।
ইপিএ এর মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সমস্যা সমাধান করে ব্যবসায়িক পরিবেশ উন্নত করা হবে। যার মাধ্যমে বাংলাদেশে শিল্প উৎপাদন বাড়বে এবং আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেট্রোর সভাপতি কাজুশিঙে নাবুতানি, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কিমিনরি ইয়োমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কোম্পানির সঙ্গে তিনটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।
জাপানের সঙ্গে যৌথ অংশীদারিত্বে নির্মিত বাংলাদেশ স্পেশাল ইকনোমিক জোনের (বিএসইজেড) জমি ব্যবহারের জন্য বাংলাদেশ আইআরআইএস কোম্পানির সমঝোতা চুক্তি হয়।
আরেকটি চুক্তি হয় বিএসইজেড ও ব্র্যাক কুমোন লিমিডেটের সঙ্গে। এটির আওতায় অর্থনৈতিক অঞ্চলের আশপাশের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
তৃতীয় এমওইউ হয় জেট্রো ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে। এর আওতায় বাণিজ্য মন্ত্রণালয় জেট্রোকে বাণিজ্যের বিভিন্ন তথ্য সরবরাহ করবে। জেট্রো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে।
