শিক্ষার্থীদের হাতে ’ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড’ তুলে দিল হোন্ডা
পুরস্কার হিসেবে চার আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীকে তিন হাজার মার্কিন ডলার দেওয়া হয়।
চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাতে ‘হোন্ডা ইয়াং ইঞ্জিনিয়ার ও সায়েন্টিস্টস (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড-২০২১’ তুলে দিয়েছে জাপানের হোন্ডা ফাউন্ডেশন।
বুধবার রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার বিতরণীর আযোজন করা হয়।
বিচারকদের রায়ে বুয়েটের জাহিন আলম, শামস নাফিসা আলী ও মাদেহা সাত্তার খান এবং কুয়েটের শিক্ষার্থী আহসানুল হক হাসিব পুরস্কার পান।
পুরস্কার হিসেবে এই চার আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীকে তিন হাজার মার্কিন ডলার দেওয়া হয়।
এছাড়া তাদের জাপানে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার জন্য সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার করে দেওয়া হবে।
অনুষ্ঠানে হোন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, তরুণরা আগামীর বিশ্ব নেতৃত্বে দেবে। এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিতরা এগিয়ে থাকবে।
“আগামীর এশিয়ান নেতা তৈরির লক্ষ্যেই ওয়াই-ই-এস অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে।”
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আইনুন নিশাত, হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক টাতেও আরিমতো, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইহো হায়াকাওয়া, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা শাহ মোহাম্মদ আশেকুর রহমান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০০৬ সালে ভিয়েতনামে প্রথমবারের মত ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড চালু হয়। তারপর ২০০৭ সাল থেকে ভারতে, ২০০৮ সাল থেকে লাওস ও কম্বোডিয়ায় এবং ২০১৪ সাল থেকে মিয়ানমারে এ পুরস্কার চালু আছে।
২০১৯ সালে বাংলাদেশে প্রথম এ পুরস্কার চালু হয়। বাংলাদেশে চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েটের শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।
