হরতাল-অবরোধ: ব্যাংকে সতর্কতার নির্দেশ
ব্যাংকগুলোর বিভিন্ন ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করার বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচনকে ঘিরে বিরোধী দলের চলমান হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্যে ব্যাংকগুলোতে অধিকতর নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার ব্যাংকগুলোকে স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে ২০১৫ সালের জুলাইয়ের সার্কুলার মেনে চলার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ব্যাংক, শাখা ও উপশাখার ঢোকার পথ, ভেতরে ও চারিদিককে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে।
এসব স্থানে স্থাপিত/স্থাপিতব্য সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ প্রয়োজনে পুলিশ সদস্যরা যাতে পেতে পারেন সে ব্যবস্থা ব্যাংককে গ্রহণ করতে হবে।
২০১৫ সালের জুলাইয়ে দেওয়া সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে।
বিভিন্ন ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করার বাধ্যবাধকতা রয়েছে।
