ইভ্যালি: রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা চলবে
শামীমার পরিবারের সদস্যদের পরিচালনায় এখন চলছে ইভ্যালি।
ই-কমার্স কোম্পানি ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে দায়ের করা সব ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতের আবেদন খারিজ করেছে আদালত।
মঙ্গলবার হাই কোর্টের একক কোম্পানি বেঞ্চের বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর এ আদেশ দেন।
শুনানিতে ইভ্যালির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আহসানুল করিম। গ্রাহকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।
আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের’ চেক প্রতারণা মামলাগুলোতে অভিযুক্তদের পক্ষে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল। আদালত এদিন সেসব আবেদন খারিজ করে দিয়েছে।
মাহসিব হোসাইন বলেন, “হাই কোর্ট রাসেল ও শামীমার আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে রাসেলের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকার্য চালিয়ে যেতে সংশ্লিষ্ট বিচারিক আদালতের কোনও আইনি বাধা নেই। শামীমার ক্ষেত্রেও হাই কোর্টের এ আদেশ অনুসরণ করতে হবে।”
২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পরপরই কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি। তবে অর্থ দিয়েও পণ্য না পেয়ে গ্রাহকদের অসন্তোষ বাড়তে থাকে।
অভিযোগ বাড়তে থাকার মধ্যে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রাহককে পণ্য বা অর্থ কোনটাই না দেওয়া এবং প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এরপর শামীমা জামিনে মুক্তি পেলেও রাসেল এখনও কারাগারে আছেন। নতুন সার্ভার খুলে বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাব ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের পরিবারের সদস্যদের পরিচালনায় এখন চলছে ইভ্যালি।
