স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে আবেদন নেওয়া শুরু
এ পুরস্কারের জন্য ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের অষ্টম আসরের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অ্যাওয়ার্ডের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই-এর এই যৌথ উদ্যোগে এ আয়োজনে সারাদেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়।
এ বছর সেরা মেধাবী কৃষিযোদ্ধা পুরুষ এবং নারী -দুটি নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। এছাড়াও আরও ১০টি ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হবে।
ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-পুরুষ, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-নারী, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি), জুরি স্পেশাল, প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান- কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি; সেরা প্রতিষ্ঠান- কৃষি সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রপ্তানিকারককে পুরস্কার দেওয়া হবে।
এই সম্মাননায় অংশ নিতে ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্মাননার বিষয়ে বিস্তারিত জানা যাবে agrowaward.com ওয়েবসাইটে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় অনুষ্ঠানে বলেন, “চলমান বৈশ্বিক সংকট নতুনভাবে অর্থনৈতিক মন্দার সৃষ্টি করেছে। বাজার মূল্য বেড়েছে অনেকখানি।
“এক্ষেত্রে খাদ্য নিরাপত্তা এবং মানসিক দৃঢ়তার প্রয়োজন সবচেয়ে বেশি। আমাদের কৃষক, বিজ্ঞানীরা এতো সংকটের ভেতরও কাজ করে যাচ্ছেন, যাতে খাদ্য উৎপাদন ব্যাহত না হয় আর মানুষ যেন কাজ না হারায়।”
তিনি বলেন, “আবারো চ্যানেল আইয়ের সাথে অ্যাগ্রো অ্যাওয়ার্ড নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে, কারণ এই কাজটি করলে প্রতি বছর শেকড়ের মানুষের খুব কাছাকাছি আসার একটি সুযোগ সৃষ্টি হয়।”
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “আমাদের দেশের ষোল কোটি মানুষ প্রত্যক্ষভাবেই কৃষকের ওপর নির্ভরশীল। তাই কৃষকের অবদান অনস্বীকার্য। তাদেরকে সামান্যতম সম্মান করার চেষ্টাটুকু নিতে পেরে প্রতি বছরের মতো এবারো খুব ভাল লাগছে।”
