‘নগদ’ লেনদেনে বুরো বাংলাদেশের গ্রাহকরা
গ্রাহকের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের ঝামেলা দূর করতে এই সুবিধা চালু করেছে প্রতিষ্ঠান দুটি।
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এর মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশের গ্রাহকরা তাদের সঞ্চয় এবং ঋণের কিস্তি অনলাইনে পরিশোধ করতে পারছেন।
বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনলাইন পেমেন্টের একটি চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাক বিভাগের আর্থিক পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান নগদ।
গ্রাহকের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের ঝামেলা দূর করতে এই সুবিধা চালু করেছে প্রতিষ্ঠান দুটি। এর ফলে বুরো বাংলাদেশের গ্রাহকরা ‘নগদ’-এর মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।
এ বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, “যাত্রার শুরু থেকেই ‘নগদ’ গ্রাহকদের ঘরে বসে যে কোনো ধরনের লেনদেনের সুবিধা দিতে বিভিন্ন রকম প্রযুক্তিগত উদ্ভাবনী সেবা চালু রেখেছে।
“এখন থেকে ‘নগদ’ এবং বুরো বাংলাদেশের গ্রাহকরা তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি ঘরে বসেই পরিশোধ করতে পারবেন, যা ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠায় ‘নগদ’-এর জন্য আরেকটি মাইলফলক।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব এমএফআই ও গভর্নমেন্ট সেলস অপারেশন তানভীর চৌধুরী এবং বুরো বাংলাদেশের ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালক প্রাণেশ চন্দ্র বণিক, বিশেষ কর্মসূচি পরিচালক মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
