ওয়ালটনের স্টার ব্র্যান্ড প্রোমোটার কার্যক্রম শুরু
ওয়ালটন গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রোমোশন এবং বিপণনে কাজ করবেন স্টার ব্র্যান্ড প্রোমোটাররা।
সেলস আউটলেটগুলোতে আসা ক্রেতাদের ব্র্যান্ড ও পণ্য সম্পর্কে সেবা ও প্রয়োজনীয় তথ্য দিতে স্টার ব্র্যান্ড প্রোমোটার কার্যক্রম শুরু করেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
মূলত ওয়ালটন গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রোমোশন এবং বিপণনে কাজ করবেন স্টার ব্র্যান্ড প্রোমোটাররা। উপযুক্ত পণ্যটি ক্রয়ের সিদ্ধান্ত নিতে ক্রেতাদের সহযোগিতা করবেন তারা।
ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে ‘স্টার ব্র্যান্ড প্রোমোটারস’ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ।
তিনি বলেন, “ক্রেতার আগ্রহকে চাহিদায় পরিণত করাই হবে স্টার ব্র্যান্ড প্রোমোটারদের প্রধান কাজ। ক্রেতাদের প্রয়োজনীয় ও উপযুক্ত পণ্যটি কেনার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করাই হবে তাদের প্রধান কাজ।”
অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম জানান, প্রাথমিকভাবে ৫০ জন স্টার ব্র্যান্ড প্রোমোটার নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
ওয়ালটনের ২৫টি সেলস আউটলেটে পাইলট প্রকল্প হিসেবে স্টার ব্র্যান্ড প্রোমোটাররা কাজ করবেন। পর্যায়ক্রমে দেশের সব সেলস আউটলেটে স্টার ব্র্যান্ড প্রোমোটার নিয়োগ দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার হাওলাদার, উপব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, তানভীর রহমান, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, আরিফুল আম্বিয়া, আমিন খান, সাখাওয়াৎ হোসেন, আল ইমরান প্রমুখ।
